এই দিনকাল: আসন্ন বিধানসভা নির্বাচনে তেতে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান। শাসক থেকে শুরু করে বিরোধী পক্ষ কেউই প্রচারে খামতি রাখছে না। এই আবহে ফের বঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, শনিবারই তিনি অন্ডালে পা রাখবেন। এদিন দুর্গাপুরে পৌঁছে রাত্রিবাস করার কথা রয়েছে মোদীর।
কোথায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)?
সূত্রের খবর, দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকেই রবিবার জনসভা করবেন। বাঁকুড়ার বড়জোড়া থেকে জনসভা শুরু হবে। এর পর পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক মহলে জোর তৎপরতা। ইতিমধ্যে দুর্গাপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গকে বিজেপি বাড়তি গুরুত্ব দিচ্ছে বিধানসভা নির্বনাচন উপলক্ষে। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে সভা করেছেন। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, কী বলেন সেদিকেই তাকিয়ে দেশবাসী
গত মঙ্গলবারই বিজেপির বুথকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে উদ্দীপনা বাড়িয়ে দেন তাঁদের। সেই ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার, মনে করিয়ে দিন। আরজি কর মেডিক্যাল, কসবা ল কলেজ, সন্দেশখালি, মা-বোনেদের কান্নার ভিডিও দেখিয়ে সবাইকে মনে করান। মহিলাদের উপর অত্যাচারকে হাতিয়ার করে প্রচারে নামুন। ডাক্তার বোনের সঙ্গে কী হয়েছিল আরজি করে? ছোট ছোট মিটিংয়ে বলুন। ভোটের সময় তৃণমূল মাথা নিচু করে কথা বলে। তৃণমূল ক্ষমতায় ফিরলেই তাদের অত্যাচার দেখতে পাওয়া যায়। মহিলাদের উপর অত্যাচারে ঘটনা মনে করিয়ে প্রচারে নামুন।’ তবে রবিবারের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে বিজেপির কর্মী সমর্থকরা।