PM Modi: শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, কী বলেন সেদিকেই তাকিয়ে দেশবাসী


এই দিনকাল: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ভোটাভুটিতে হেরে যাওয়ার পরদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তাঁর কার্যালয়ের তরফে জানানো হয়েছে শনিবার রাত সাড়ে আটটায় দেশবাসীর উদ্দেশে কথা বলবেন প্রধানমন্ত্রী। তবে কী বলেন দেশের প্রশাসনিক প্রধান, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নতুন কোনও প্রকল্পের ঘোষণা করবেন নাকি অন্য কিছু তা নিয়েই চলছে চর্চা।

প্রধানমন্ত্রী মোদী শনিবার কী বিষয়ে ভাষণ দেবেন তা নিয়ে কিছু বলেননি। এমনকি তাঁর কার্যালয়ের তরফেও এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে তাঁর ভাষণের সময়কাল নিয়ে চর্চা শুরু হয়েছে। শুক্রবার মহিলা সংরক্ষণ বিল ভোটাভুটিতে হেরে গিয়েছে। সংবিধানের ১৩১তম সংশোধনী বিলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিলটি। লোকসভায় ও রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ কার্যকর করার কথা বলা হয়েছে এতে। সেই সঙ্গে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করা এবং ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের প্রস্তাবও ছিল। কিন্তু শুক্রবার সংসদের নিম্নকক্ষে বিলটির পক্ষে ২৯৮ জন সাংসদ ভোট দিলেও, বিপক্ষে ভোট দিয়েছেন ২৩০ জন। তার ২৪ ঘন্টা এখনও পেরোয়নি। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ গোটা ইন্ডিয়া জোট মোদী সরকারের আনা ১৩১ তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় এককাট্টা হয়েছিল। বিরোধীদের অভিযোগ, তাঁরা মহিলা সংরক্ষণের বিরুদ্ধে নয়। কিন্তু মোদী সরকার যে পন্থায় তা কার্যকর করতে চাইছে তার বিরুদ্ধে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মোদী সরকার এই সংশোধনী পাশ করিয়ে দেশের নির্বাচনী মানচিত্র বদলে দিতে চান।

Leave a Comment