এই দিনকাল: লেবাননের সঙ্গে ইজরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আর এই সংঘর্ষ বিরতি যতদিন চলবে তত দিনের জন্য হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে রাখার কথা ঘোষণা করেছে ইরান। এর জন্য তেহরানকে ধন্যবাদ জানিয়েও পাল্টা এই গুরুত্বপূর্ণ প্রণালী ইরানের জন্য অবরুদ্ধ করে রাখার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানিয়েছেন, যতদিন না ইরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তি সম্পূর্ণরূপে সম্পন্ন না হচ্ছে ততদিন এই পদক্ষেপ জারি থাকবে।
Strait of Hormuz: হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ট্রাম্পের
নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ খোলা এবং অবাধ যাতায়াত ও নৌ চলাচলের জন্য প্রস্তুত।’ সেই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে বৃহত্তর শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের জন্য নৌ অবরোধ বহাল থাকবে। পোস্টটিতে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালী সম্পূর্ণ খোলা এবং অবাধ যাতায়াত ও নৌ চলাচলের জন্য প্রস্তুত।’ তাঁর আরও সংযোজন, এই অবরোধ ‘শুধুমাত্র ইরানের ক্ষেত্রেই কার্যকর থাকবে, যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০% সম্পন্ন হচ্ছে।’
আরও পড়ুন: ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ পুনরায় শুরুর হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
উল্লেখ্য, শুক্রবার এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি লেখেন, ‘লেবাননের যুদ্ধবিরতি অনুসারে, সংঘর্ষ বিরতির অবশিষ্ট মেয়াদের জন্য সকল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ ভাবে খুলে দেওয়া হল।’ তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ইজরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের সেই বিবৃতির পর ইরানের এই পদক্ষেপ সামনে আসে। লেবানন ও ইজরায়েলের যুদ্ধবিরতি ১০ দিনের বেশি দীর্ঘ হতে পারে। যদি আলোচনায় অগ্রগতি হয়। পারস্পরিক সম্মতিতে এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। চুক্তি অনুযায়ী, “আত্মরক্ষার স্বার্থে” ইজরায়েল পদক্ষেপ নিতে পারবে।