CBI: মোথাবাড়িতে এসআইআর ঘিরে অশান্তির ঘটনায় তদন্ত করবে সিবিআই, সিদ্ধান্ত কমিশনের

এই দিনকাল: স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদহের মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল সিবিআই (CBI)বা এনআইএ দিয়ে এই ঘটনার তদন্ত করতে হবে। অবশেষে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই অশান্তির ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

উল্লেখ্য, মালদহে অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই তড়িঘড়ি বৈঠক ডাকে নির্বাচন কমিশন। এদিন ভার্চুয়ালি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ। শুরুতেই কেন কোনও পদক্ষেপ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন করেন জ্ঞানেশ। সূত্রের খবর, মালদহের পুলিশ সুপারকে চোখা চোখা প্রশ্ন করেন জ্ঞানেশ। ‘ঘটনাস্থলে কেন তিনি যাননি?’ তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্য নির্বাচন কমিশনার।

বুধবার মোথাবাড়ি ছাড়াও সুজাপুর-সহ একাধিক এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসআইআর-এর কাজে নিযুক্ত সাত বিচার বিভাগীয় আধিকারিককে কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসের ভিতর রাত পর্যন্ত আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। যে ঘটনার কথা সুপ্রিম কোর্টকে জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। তার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ দেয় এই ঘটনায়। তার কয়েক ঘণ্টার মধ্যে কমিশন সিদ্ধান্ত নিল সিবিআই তদন্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *