Muslim: শ্রেণিকক্ষে মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসবাদী’ তকমা, অভিযোগ দায়ের অধ্যাপকের বিরুদ্ধে



এই দিনকাল: ধর্মীয় বিশ্বাসে মুসলিম (Muslim) এক ছাত্রকে ‘সন্ত্রাসবাদী’ তকমা অধ্যাপকের। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, ওই ছাত্রকে সন্ত্রাসবাদী বলার পাশাপাশি তাকে অপমানও করেন অভিযুক্ত। গোটা বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে শনিবার একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।

ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে ওই ছাত্রকে তিরস্কার করেছেন অভিযুক্ত অধ্যাপক। সেই সময়কার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২৪ মার্চ এই ঘটনার পর, ওই পড়ুয়া কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ জানায় অধ্যাপকের নামে। পরে শুক্রবার অধ্যাপককে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ এবং ৩৫২ ধারায় অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে এক পুলিশ কর্তা বলেন, “আমরা ছাত্রের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে, ভিডিওটি দেখে এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেছি। তদন্ত চলছে।”

এফআইআর অনুসারে, অধ্যাপক ছাত্রটিকে বারবার “সন্ত্রাসী” বলে উল্লেখ করেন এবং গালিগালাজ করেন। এফআইআর-এ বলা হয়েছে, অভিযুক্ত আরও বলেন, “তোদের মতো লোকদের কারণেই ইরান যুদ্ধ হয়েছে। ‘ট্রাম্প তোদের তুলে নিয়ে যাবে। তোরা নির্বোধ; তোরা জাহান্নামে যাবি’।” প্রায় ৬০ জন পুড়ুয়ার সামনে ওই মুসলিম ছাত্রকে অপমান করা হয় বলে অভিযোগ। তবে শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ। এফআইআর-এ আরও বলা হয়েছে যে, অপমানিত ছাত্রকে সমর্থন করায় বেশ কিছু ছাত্রকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল তারা “ক্লাসের মধ্যে কথা” বলেছে। যদিও অধ্যাপক পরে কলেজ কর্তৃপক্ষকে একটি চিঠি লেখেন ক্ষমা চেয়ে। তবে ছাত্রটির কাছে তিনি সরাসরি ক্ষমা চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *