এই দিনকাল: নিষিদ্ধ স্যাটেলাইট ফোন বহন করার অভিযোগে দুই মার্কিন নাগরিককে (Americans detained) আটক করল পুলিশ। রবিবার শ্রীনগর বিমানবন্দরে তল্লাশি চালানোর সময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা প্রথমে মার্কিন নাগরিকের লাগেজে স্যাটেলাইট ফোন খুঁজে পায়। তার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
লাগেজে স্যাটেলাইট ফোন পাওয়া যাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা প্রথমে ওই মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেন। কেন তাঁরা স্যাটেলাইট ফোন নিয়ে যাচ্ছিলেন, কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখার জন্য দুজনকে পুলিশের কাছে পরে হস্তান্তর করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের নাম জেফরি স্কট, তিনি মন্টানার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর লাগেজ থেকে নিষিদ্ধ স্যাটেলাইট ফোনটি উদ্ধার হয়েছে। প্রসঙ্গত সরকারের অনুমোদন ছাড়া ভারতে স্যাটেলাইট ফোন ব্যবহার নিষিদ্ধ। থুরায়া এবং ইরিডিয়াম ফোনের মতো ডিভাইসগুলো কঠোর বিধিনিষেধের আওতায় পড়ে। সরকারের অনুমতি ছাড়া এই ধরণের যন্ত্র কাছে রাখলে ভারতীয় টেলিগ্রাফ আইন ও অন্যান্য নিরাপত্তা আইনের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক, গ্রেফতার এবং ডিভাইস বাজেয়াপ্ত করা হতে পারে।
নিরাপত্তাজনিত কারণে ভারত কঠোর টেলিযোগাযোগ বিধিনিষেধ মেনে চলে। অতীতেও এই ধরনের ঘটনায় বিদেশি হোক বা ভারতীয় সব ক্ষেত্রেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মে মাসে, একজন মার্কিন চক্ষু বিশেষজ্ঞের কাছ থেকে একটি ইরিডিয়াম স্যাটেলাইট ফোন উদ্ধার হওয়ায় তাঁকে পুদুচেরি বিমানবন্দরে আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।