Crime: ইতালিতে গুরুদ্বারের কাছে দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে খুন



এই দিনকাল:
দুই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গুলি করে খুনের (Crime) অভিযোগ উঠল ইতালিতে। গুরুদ্বার থেকে বেরোনোর পর দুজনকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, ইতালির বেরগামো প্রদেশের কোভো শহরে বৈশাখী উৎসব উপলক্ষে একটি গুদাম ঘরকে উপাসনালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে জড়ো হয়েছিলেন ওই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা। সেখান থেকে বের হওয়ার ঠিক পরেই দুজনকে গুলি করে হত্যা করা হয়।


রিপোর্ট অনুসারে, শুক্রবার মধ্যরাতে গুরুদ্বার মাতা সাহেব কৌর জি-এর সামনে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক জন কোভোর বাসিন্দা। তাঁর নাম রাগিন্দর সিং (Raginder Singh), ৪৮ বছর বয়স। আরেক জনের নাম গুরমিত সিং (Gurmit Singh)। ৪৮ বছর বয়সী গুরমিত আগনাদেলোর বাসিন্দা। হামলাকারীরা কাছ থেকে গুলি চালিয়ে একটি গাড়িতে চেপে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় দশটি গুলির খোল উদ্ধার হয়েছে। প্রশাসন এই ঘটনাকে ‘ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে সন্দেহ করছে। এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, হামলাকারী একজন ‘ভারতীয়’। তিনিও ওই গুরুদ্বারে নিয়মিত যাতায়াত করতেন।


অন্য দিকে, এই ঘটনার পর তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। হত্যাকারীকে পাকড়াও করতে তল্লাশি শুরু করেছে। ঠিক কী কারণে দুজনকে গুলি করে খুন করা হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুরনো শ্ত্রুতার জেরে এই হত্যাকাণ্ড কিনা তাও অনুসন্ধান করছে পুলিশ।

Leave a Comment