এই দিনকাল: তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Blast)। এই বড় ধরণের বিস্ফোরণের ঘটনায় ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম হয়েছেন ৬ জন। বিকট শব্দে ওই বাজি কারখানায় বিস্ফোরণের পর প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
রিপোর্ট অনুসারে বিস্ফোরণটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগর জেলায়। এই জেলার কাট্টানারপট্টি গ্রামের একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। আহত ছয় জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে বর্তমানে উদ্ধারকাজ চলছে। এই ঘটনার পর একাধিক মন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। একাধিক প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিরুধুনগর জেলার কাটানাপত্তিতে বাজি কারখানায় বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যুর মর্মান্তিক খবর অত্যন্ত দুঃখের। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।” তিনি জানান, বর্ষীয়ান মন্ত্রীদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। স্ট্যালিন আরও লেখেন, “আমি মাননীয় মন্ত্রী কে.কে.এস.এস.আর. রামচন্দ্রন এবং থাঙ্গাম থেন্নারাসুকে অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান দ্রুততার সঙ্গে তদারকি করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা জানাতে অনুরোধ করেছি।”
স্ট্যালিন আরও জানান, ইতিমধ্যে তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, সমস্ত সহায়তা নিশ্চিত করার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লেখেন, ‘এই খবর জানার পর আমি জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেছি এবং সমস্ত প্রয়োজনীয় সহায়তার জন্য নির্দেশ দিয়েছি।”