এই দিনকাল: মালায়ালম নববর্ষ বিশু উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাহক টানার জন্য চমকদার বিজ্ঞাপন দেন। সেই রকমই করতে গিয়ে (Lord Krishna) ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেফতার হলেন এক রেস্টুরেন্ট মালিক। ঘটনাটি ঘটেছে বামশাসিত কেরলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রেস্টুরেন্ট মালিকের নাম আরশাদ। তিনি চেরথালার মনোরমা জংশনের কাছে একটি রেস্টুরেন্ট চালান। অভিযোগ, আরশাদ চিকেন মান্ডির সঙ্গে ভগবান কৃষ্ণের ছবি সম্বলিত কার্ড প্রকাশ করেছিলেন। আর যার পর সরব হতে শুরু করেছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাদের প্রতিবাদের জেরে কেরলের ওই রেস্টুরেন্ট মালিককে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণ কাজের অভিযোগে আরশাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। যার ফলে তাঁর এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ঠিক কী করেছিলেন ওই ব্যক্তি?
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বিশু উপলক্ষে শুভেচ্ছা বার্তায় গ্রিল করা মুরগির মাংস-সহ ভাতের একটি প্লেটের সামনে ভগবান কৃষ্ণকে বসে থাকতে দেখা গিয়েছে। যেটি আরশাদ প্রকাশ করেছিল বলে অভিযোগ। এর ফলে বিতর্কের সূত্রপাত হয়। হিন্দু সংগঠনগুলো এই দৃশ্যের প্রতিবাদ জানায়। অভিযোগ করে, এটি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। পরে পুলিশের কাছে থান্নীরমুক্কমের আইনজীবী এমভি বিজু অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদ রেস্টুরেন্টের বাইরে বিক্ষোভ দেখানোর কথা ঘোষণা করেছে। যদিও ওই দোকানের ম্যানেজমেন্ট আধিকারিক শামির ইনস্টাগ্রামের মাধ্যমে ক্ষমা চান ওই পোস্টের জন্য। তিনই বলেন, পোস্টটি ইচ্ছাকৃতভাবে শেয়ার করা হয়নি। ভুল বোঝাবুঝির কারণে ছবিটি ছড়িয়ে পড়ে। সরিয়ে ফেলার আগেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন যে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। এর জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।