SIR: ট্রাইব্যুনাল যোগ্য ঘোষণা করলে এবারে ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটার, সুপ্রিম রায়ের পর কী বললেন মমতা?

এই দিনকাল: সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। (SIR) ট্রাইব্যুনাল যদি কোনও বিচারাধীন ভোটারকে স্বীকৃতি দেয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। যে সমস্ত আসনে ওইদিন ভোট হবে, তার দু দিন আগে অর্থাৎ ২১ এপ্রিলের মধ্যে ট্রাইবন্যুনালের ছাড়পত্র পাওয়া ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন। একই ভাবে যাঁদের নামে ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তাঁরাও এই নির্বাচনে দ্বিতীয় দফার অর্থাৎ ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন।


দেশের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে, ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে যাঁদের নাম নিষ্পত্তি হয়ে যাবে নির্বাচন কমিশনকে সেই নাম নিয়ে ফের তালিকা প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার যখন আদালত এই রায় দেয় তখন নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোচবিহার থেকে বলেন, “যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করুন। নিশ্চয় ভোটাধিকার ফিরে পাবেন। আমি খুব খুশি। আমার করা মামলায় এই রায়। বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি-মানুষ জিন্দাবাদ, ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।” এদিন দলের নেতাদেরও নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁদের ভোটার স্লিপ তৈরির বিষয়টি দেখতে হবে নেতৃত্বকে। যেন ভোটের আগে তা সবার কাছে পৌঁছে যায়।”


উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফলে প্রায় ৯১ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। অনেকের নাম বিচারাধীন থাকার পর তালিকায় সংযোজিত হলেও লক্ষাধিক মানুষগের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। যাঁরা বৈধ ভোটার অথচ নাম বাদ গিয়েছে তালিকা থেকে তাদের জন্য ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়। ট্রাইব্যুনালে যোগ্য ভোটার হিসেবে প্রমাণিত হলে সেই ব্যক্তিকে আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিল সুপ্রিম কোর্ট।

Leave a Comment