Supreme Court lawyers: জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভের সময় সহকর্মীদের হেনস্থা কেন? প্রতিবাদে বিক্ষোভ সুপ্রিম কোর্টের আইনজীবীদের

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান বিক্ষোভের সময় পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছেন আইনজীবীরা। এ বার এই বিষয়ে সরব হল সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ (Supreme Court lawyers)। নিজেদের সহকর্মীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদে মঙ্গলবার সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। আইনজীবী ও সাধারণ নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন বিক্ষোভ স্থল থেকে।

বিক্ষোভকারীদের দাবি, সাংবিধানিক মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করা এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সকলের রয়েছে। তা প্রয়োগ করায় আইনজীবীদের আটক করা হল কেন তা নিয়েই প্রশ্ন তোলেন তাঁরা। পুলিশের পদক্ষেপের বিরোধিতা করার উদ্দেশে এই বিক্ষোভ বলে জানান একজন আইনজীবী। ওই আইনজীবী বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের কারণে যেসব সহকর্মী ও নাগরিক নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের প্রতি সংহতি জানাতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি। সাংবিধানিক মূল্যবোধের প্রতি আমাদের আস্থা পুনর্ব্যক্ত করতে এবং সংবিধানের প্রতি নিজেদের পুনরায় উৎসর্গ করতে আমরা এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের জন্য লড়াই করা ও সংবিধান সমুন্নত রাখা প্রতিটি আইনজীবীর দায়িত্ব। একজন আইনজীবীর প্রধান কাজ হিসেবে আমরা আজ সংবিধানের পক্ষে লড়াই করার সংকল্প পুনর্ব্যক্ত করছি।’ আরেক আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট ও নিজেদের চেম্বারের কাছে আইনজীবীদের আটকের ঘটনার প্রেক্ষিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ বৈধ সাংবিধানিক অধিকার বলে জানান তিনি। ওই আইনজীবী বলেন, ‘আমাদের আইনজীবী সহকর্মীদের আটক করা হয়েছে, অথচ আমরা মনে করি এটি তাঁদের বৈধ সাংবিধানিক অধিকার।’

Leave a Comment