Samrat Choudhary: বিহারে প্রথম মুখ্যমন্ত্রী পেল বিজেপি, নজির গড়ে শপথ নিলেন সম্রাট চৌধরী


এই দিনকাল: স্বাধীন ভারতবর্ষে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী পেল বিহার। বুধবার পাটনায় লোক ভবনে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পদ্ম শিবিরের নেতা (Samrat Choudhary) সম্রাট চৌধরী। বিহারের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এদিন শপথ নেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন (অবসরপ্রাপ্ত) সম্রাট চৌধরীকে শপথবাক্য পাঠ করান।

রিপোর্ট অনুসারে সম্রাট ছাড়াও এদিন শপথ নিয়েছেন জেডিইউ-এর বিজয় কুমার চৌধরী এবং বীজেন্দ্র প্রসাদ যাদব। সম্রাটের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতারা যেমন উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন জোটের সহযোগীরাও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সম্রাট চৌধরীর শপথ গ্রহণের মাধ্যমে বিহারের রাজনীতিতে নীতীশ অধ্যায়ের অবসান হল। জেডিইউ প্রধান নীতীশ কুমার আগেই রাজ্যসভার সাংসদ হয়েছেন। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। মন্ত্রিসভাও ভেঙে দেন নীতীশ। নীতীশ কুমার শেষবার যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় সম্রাট চৌধরী ছিলেন উপমুখ্যমন্ত্রী। তাঁর হাতে স্বরাষ্ট্র দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেওয়া সম্রাট বুধবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।


অন্য দিকে সম্রাট চৌধরী শপথ নেওয়ার আগেই তাঁকে নিশানা করেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, তিনি ‘লালু যাদবের শিষ্য’। তেজস্বীর দাবি, সম্রাট চৌধরী বিহারের মানুষের দ্বারা নির্বাচিত হননি। বিহারের জাতপাত ভিত্তিক রাজনীতিতে সম্রাট উঠে এসেছেন প্রভাবশালী কোয়েরি সম্প্রদায় থেকে। এই সম্প্রদায়ের দ্বিতীয় কোনও সদস্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন। এর আগে সতীশ প্রসাদ সিং ১৯৬৮ সালে মাত্র পাঁচ দিনের জন্য বিহারের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *