এই দিনকাল: ব্যাঙ্কের ভুলের (Bank Error) কারণে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে ছিল প্রায় ১০ কোটি টাকা! কিন্তু সেই টাকা না তুলে তিনি তা ফিরিয়ে নিতে বলেছেন। আর তাঁর এই অসাধারণ সততার কারণে প্রশংসায় ভাসছেন উত্তরপ্রদেশের মইনপুরী জেলার বাসিন্দা ওই মহিলা।
রিপোর্ট অনুসারে, ওই মহিলার নাম রীতা। পেশায় তিনি কৃষি কাজ করেন। মইনপুরী জেলার বিছওয়ান এলাকার দেবগঞ্জ গ্রামে থাকেন তিনি। তাঁর স্বামীর নাম পরশবন বাহেলিয়া। নবরাত্রির অষ্টমী তিথিতে টাকা তোলার জন্য রীতা স্থানীয় ব্যঙ্কে যান, কিন্তু শাখাটি বন্ধ থাকায় এটিএম-এ যান টাকা তুলতে। কিন্তু সেখানে গিয়ে ব্যালেন্স চেক করতে চোখ কপালে ওঠে তাঁর। এটিএম এ তাঁর অ্যাকাউন্টে ব্যালেন্সের পরিমাণ দেখাচ্ছিল ৯,৯৯,৪৯,৫৮৮ টাকা। বিশ্বাস করতে না পেরে, তিনি অন্য একটি এটিএম-এ দ্বিতীয়বার ব্যালেন্স চেক করেন। সেখানে এটিএমের স্ক্রিনের একটি ভিডিও রেকর্ড করেন। যা পরে সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ দেখা গেলেও, রীতা কোনও টাকা তোলার চেষ্টা করেননি। তিনি তাঁর পরিবারের সদস্যদেরও নিষেধ করেন ঘটনাটি না জানা পর্যন্ত যেন কেউ সেই টাকায় হাত না দেন। এরপর প্রতিবেশী ও স্থানীয়রা তাঁর সততার প্রশংসা করেছেন।
এদিকে এই ঘটনার পর বিষয়টি জানার জন্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে শাখায় রীতার অ্যাকাউন্ট রয়েছে, সেই শাখায় যান রীতা ও তাঁর পরিবার। কিন্তু ওই দিন সরকারি ছুটির কারণে শাখাটি বন্ধ ছিল। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার করিমগঞ্জ শাখার ম্যানেজার ঋষিকান্ত পান্ডে বলেন, ঘটনাটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেনের ভুলের কারণে ঘটেছে। তিনি বলেন ব্যাঙ্ক খোলার পরে বিষয়টি তদন্ত করা হবে।
