Rahul Arunoday Banerje: তালসারিতে শুটিংয়ে গিয়ে প্রয়াত অভিনেতা রাহুল, শোকস্তব্ধ টলিউড

এই দিনকাল: প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিংয়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারকা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলি পাড়া। তরুণ অভিনেতার অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। জলে ডুবে অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন তাঁর সহকর্মীরা।


জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে দিঘার তালসারিতে গিয়েছিলেন রাহুল। ৪৩ বছরের অভিনেতা সমুদ্রের জলে নেমে তলিয়ে যান। টেকনিশিয়ানরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিঘার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে জলে ডুবে রাহুলের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জলে ডুবে রাহুলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি কী ভাবে ঘটেছে তা এখনও বুঝতে পারছি না।


রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগী ও সহকর্মীরা। ‘আবার আসবো ফিরে’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘জ্যাকপট’ সহ একাধিক মূলধারার ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন রাহুল। তাঁর জন্ম থিয়েটারপ্রেমী পরিবারে, ছোট থেকেই অভিনয়ের প্রতি আলাদা টান ছিল রাহুলের। থিয়েটার দলেও তিনি একদা চুটিয়ে অভিনয় করেছেন। দীর্ঘ দিন ধারাবাহিকে অভিনয় থেকে দূরে ছিলেন। তবে সম্প্রতি আবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় শুরু করেন। দূর্ভাগ্যজনক ভাবে সেটাই তাঁর শেষ ধারাবাহিক হয়ে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *