Pakistan: পাকিস্তানের এই দুই প্রদেশে গণপরিবহনে চাপলে দিতে হবে না ভাড়া! জ্বালানি সঙ্কটে বড় স্বস্তি


এই দিনকাল:
পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর গোটা বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। পাকিস্তানও (Pakistan) তার বাইরে নয়। তবে শাহবাজ শরিফের সরকার দুই প্রদেশের মানুষকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা করেছে। জানানো হয়েছে, ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে গণপরিবহনে চড়লে মানুষকে কোনও ভাড়া দিতে হবে না। ইরান যুদ্ধের কারণে মানুষকে আর্থিক স্বস্তি দিতে শুক্রবার এই নিয়ম ঘোষণা করা হয়েছে দেশটির তরফে।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, আগামী ৩০ দিন রাজধানী ইসলামাবাদে সব ধরনের গণপরিবহনে ভাড়া মকুব। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধের কারণে চলমান জ্বালানি সঙ্কটের জেরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর ‘জাতীয় মিতব্যয়িতা ও সঞ্চয় কর্মসূচির’ আওতায় ওই প্রদেশের জন্য প্যাকেজ ঘোষণা করেছেন। সেই প্যাকেজ অনুযায়ী, পাঞ্জাব প্রদেশে অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রোবাস, স্পিডো বাস, গ্রিন ইলেকট্রিক বাস-সহ সব গণপরিবহনে চড়ে কোথাও গেলে যাত্রীদের ভাড়া দিতে হবে না।


শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে মরিয়ম নওয়াজ লেখেন, ‘আমি সবাইকে এই সুবিধার সদব্যবহার করতে এবং ভ্রমণের ক্ষেত্রে গণপরিবহন বেছে নিতে উৎসাহিত করছি।’ উল্লেখ্য, জ্বালানি সঙ্কটের মুখে পড়ে গত সপ্তাহের শুরুতে গণপরিবহনে ভাড়া মকুবের ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া আর তাসমানিয়া রাজ্যের প্রশাসন। এ বার সেই পথে হাঁটল পাকিস্তান।

Leave a Comment