Muslim: মুসলিম হেডমাস্টারকে সরাতে পানীয় জলের ট্যাঙ্কে বিষ পঞ্চম শ্রেণীর ছাত্রের, গ্রেফতার ৩

এই দিনকাল: সরকারি স্কুলের হেডমাস্টার মুসলিম (Muslim), তাই তাঁকে সরানোর জন্য উগ্র হিন্দুত্ববাদীদের প্ররোচনায় স্কুলের পানীয় জলের ট্যাঙ্কে বিষ মেশাল পঞ্চম শ্রেণীর ছাত্র। সেই বিষাক্ত জল পান করার ফলে অসুস্থ হয়ে পড়েছে ১২ জন পড়ুয়া। ১৪ জুলাই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলগাভি জেলার একটি স্কুলে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে শ্রী রাম সেনা নামক একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর  স্থানীয় নেতাও রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, প্রধান শিক্ষক সুলেমান গোরিনায়েক মুসলিম হওয়ায় তাঁর সুনাম নষ্ট করতে এবং তাঁর প্রতি মানুষের আতঙ্ক ও সন্দেহ তৈরি করতে ষড়যন্ত্র করেছিল অভিযুক্তরা। শুধু তাই নয় তাঁকে বদলি করানোরও উদ্দেশ্য ছিল তাদের। আর সেই লক্ষ্য পূরণে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটায় অভিযুক্তরা। সুলেমান গত ১৩ বছর ধরে বেলগাভি জেলার হুলিকাট্টির সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। স্কুলের পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল পান করার জেরে একে একে অসুস্থ হতে শুরু করে পড়ুয়ারা। সব মিলিয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়ে। কারোর মৃত্যু না হলেও এই অসুস্থতার ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ তৈরি হয় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে। দ্রুত চিকিৎসার ফলে অসুস্থ পড়ুয়ারা সুস্থ হয়ে ওঠে। কিন্তু সব মিলিয়ে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে পানীয় জলের ট্যাঙ্কে বিষ দিয়েছিল পঞ্চম শ্রেণীর এক ছাত্র। জিজ্ঞাসাবাদের পর ছেলেটি জানায়, বিষাক্ত পদার্থের একটি বোতল তাকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল তা জলের ট্যাঙ্কে ঢেলে দেওয়ার জন্য। যে ব্যক্তি তাকে বোতলটি দিয়েছিল তার নাম কৃষ্ণ মাদার।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কৃষ্ণকে চাপ দিয়ে এই কাজ করানো হয়েছিল। কারণ সে ভিন জাতের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। আর যা সমাজে ফাঁস করে দেওয়ার হুমকি দিত সাগর পাতিল এবং নাগনাগৌড়া পাতিল। কৃষ্ণকে ব্ল্যাকমেইল করে এই কাজ করানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই গোটা ঘটনা ঘটেছে শ্রী রাম সেনা নামের ডানপন্থী সংগঠনের তালুক-স্তরের সভাপতি সাগর পাতিলের পরিকল্পনায়। পুলিশি জেরায় পাতিল স্বীকার করেছে, সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদে একজন মুসলিম বসে রয়েছে, এটা কোনও ভাবেই সে মেনে নিতে পারছিল না। তিন অভিযুক্ত – সাগর পাতিল, নাগনাগৌড়া পাতিল এবং কৃষ্ণ মাদার – কে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ‘ধর্মীয় ঘৃণা এবং মৌলবাদীদের দ্বারা পরিচালিত জঘন্য কাজ’ বলে গোটা বিষয়টিকে অভিহিত করেছেন তিনি। এই অপরাধ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বেলাগাভি জেলার সাভাদত্তি তালুকের হুলিকট্টি গ্রামের সরকারি স্কুলের প্রধান শিক্ষক মুসলিম সম্প্রদায়ের। তাঁকে অন্যত্র বদলি করার খারাপ উদ্দেশ্য নিয়ে, শ্রীরাম সেনার তালুক সভাপতি সাগর পাতিল এবং আরও দুজন স্কুলের শিশুদের পানীয় জলে বিষ মিশিয়ে দিয়েছিল। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫ দিন আগে ঘটে যাওয়া এই ঘটনায় বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সৌভাগ্যবশত, কোনও প্রাণহানি ঘটেনি।’

Sealdah Railway Station: যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে বড় সিদ্ধান্ত! শিয়ালদহে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই লোকালগুলি

এই দিনকাল: যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদহ স্টেশনে (Sealdah Railway Station) কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তা ঠিক করে ফেলল রেল কর্তৃপক্ষ। যতক্ষণ না অ্যানাউন্স করা হয়, বা ডিসপ্লে বোর্ডে লেখা দেখানো না হয় ততক্ষণ পর্যন্ত যাত্রীরা জানতে পারেন না কোন প্ল্যাটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে। দেশের অন্যতম ব্যস্ত এই রেল স্টেশনে ভিড়ের মধ্যে ট্রেন ধরতে গিয়ে যাত্রীরা যার ফলে সমস্যায় পড়েন। এ সব বিষয় মাথায় রেখে কোন লোকাল কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তা নির্দিষ্ট করে দিল রেল।

রেল সূত্রের খবর, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কৃষ্ণনগর, গেদে, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল৷ 

এ ছাড়া ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ডানকুনি এবং বারুইপাড়া লোকাল৷ 

৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, হাবরা, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যমগ্রাম লোকাল৷ 

পাশাপাশি ৯, ১১ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলি ছাড়বে৷ 

অন্যদিকে ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেনগুলি অর্থাৎ সোনারপুর, বারুইপুর, ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার লোকাল।

উল্লেখ্য, শিয়ালদহ ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন। শহরের এই রেল স্টেশনে প্রতিদিন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। প্রতিদিন এই বিভাগে ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে।

Malegaon blasts: মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস সাধ্বী-সহ সাত অভিযুক্ত, ‘কারা মারল ৬ নামাজিকে?’ প্রশ্ন ওয়েইসির

এই দিনকাল: মহারাষ্ট্রের মালেগাঁওয়ে ২০০৮ সালের বিস্ফোরণের (Malegaon blasts) ঘটনায় এনআইএ এর বিশেষ আদালত বেকসুর খালাস দিয়েছে সাধ্বী প্রজ্ঞা ওরফে প্রজ্ঞা সিং ঠাকুর-সহ সাত অভিযুক্তকে। বৃহস্পতিবার আদালতের এই রায়ের পর হতাশা প্রকাশ করেছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন তথা আইমিম দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর প্রশ্ন, ছয় নামাজিকে কারা মারল?

বৃহস্পতিবার আসাদউদ্দিন ওয়েইসি নিজের এক্স হ্যান্ডেলে পাঁচটি প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় হতাশাজনক। বিস্ফোরণে ছয়জন নামাজি নিহত হন এবং প্রায় ১০০ জন আহত হন। তাদের ধর্মের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে দুর্বল তদন্ত/প্রসিকিউশনের কারণে অভিযুক্তরা খালাস পেয়েছেন।’ তাঁর আরও সংযোজন, ‘বিস্ফোরণের ১৭ বছর পর, আদালত প্রমাণের অভাবে সকল অভিযুক্তকে খালাস করে দিয়েছে। মুম্বই ট্রেন বিস্ফোরণের মামলায় আসামিদের খালাসের পরেই যেভাবে রায়ে স্থগিতাদেশ চেয়েছিল মোদি ও ফড়ণবিস সরকার, এই রায়ের বিরুদ্ধেও কি তেমন আপিল করা হবে? মহারাষ্ট্রের ‘ধর্মনিরপেক্ষ’ রাজনৈতিক দলগুলি কি জবাব চাইবে, ৬ জন মানুষকে কে হত্যা করল?’

‘তৃতীয়ত, মনে রাখবেন, ২০১৬ সালে মামলার তৎকালীন প্রসিকিউটর রোহিণী সালিয়ান রেকর্ডে বলেছিলেন যে এনআইএ তাকে অভিযুক্তদের প্রতি ‘নরম’ হতে বলেছিল। ২০১৭ সালে, এনআইএ সাধ্বী প্রজ্ঞাকে খালাস দেওয়ার চেষ্টা করেছিল। ২০১৯ সালেও একই ব্যক্তি বিজেপির সাংসদ হয়েছিলেন। চতুর্থত, মালেগাঁওয়ের ষড়যন্ত্র উন্মোচন করেছিলেন কারকারে এবং দুর্ভাগ্যবশত ২৬/১১ হামলায় পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে নিহত হন। বিজেপি সাংসদ বলেছিলেন যে তিনি তাঁকে অভিশাপ দিয়েছিলেন এবং তাঁর মৃত্যু তাঁর অভিশাপের ফল। পঞ্চমত, ত্রুটিপূর্ণ তদন্তের জন্য কি এনআইএ বা এটিএস আধিকারিকদের জবাবদিহি করা হবে? আমার মনে হয় আমরা এর উত্তর জানি। এটাই ‘সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর’ মোদী সরকার। বিশ্ব মনে রাখবে যে তারা একজন সন্ত্রাসীকে সংসদ সদস্য করেছিল।’

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর রমজান মাস চলাকালীন উত্তর মহারাষ্ট্রের মালেগাঁও শহরে একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একটি মোটরসাইকেলে রাখা বোমা থেকে বিস্ফোরণ ঘটে সেদিন। এই বিস্ফোরণের ফলে ছয় জন নিহত হন এবং ১০০ জনেরও বেশি আহত হন। সেই ঘটনায় নাম জড়ায় সাধ্বী প্রজ্ঞা-সহ সাত জনের। তদন্তে উঠে আসে যে এই বিস্ফোরণের পিছনে ছিল একটি একটি হিন্দুত্ববাদী সংগঠন। পরে গ্রেফতার হন সাধ্বী প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদশ্রীকান্ত পুরোহিত। যদিও পরে দু’জনেই জামিন পান। বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালত জানায় অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে, তা সন্দেহের ঊর্ধ্বে নয়। 

প্রসঙ্গত, ২০১৯ সালে সন্ত্রাসে অভিযুক্ত প্রজ্ঞাকে মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রের টিকিট দিয়েছিল বিজেপি। জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন তিনি। যদিও গত লোকসভা নির্বাচনে অর্থাৎ ২০২৪ সালে তাঁকে আর প্রার্থী করেনি বিজেপি।

Union Home Minister Amit Shah: ‘কংগ্রেস পাক অধিকৃত কাশ্মীর দিয়েছে, বিজেপি তা ফিরিয়ে আনবে’: অমিত শাহ

এই দিনকাল: রাজ্যসভায় বুধবার অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনার সময় কংগ্রেসকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন তিনি বলেন, কংগ্রেস পাক অধিকৃত কাশ্মীর দিয়েছে, কিন্তু বিজেপি সরকার তা ফিরিয়ে আনবে। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এদিন জোরালো বক্তব্য রাখেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাত শিবিরকে নিশানা করে বলেন, ‘কংগ্রেস পাক-অধিকৃত কাশ্মীর পাকিস্তানকে দিয়ে দিয়েছে, কিন্তু বিজেপি সরকার পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবে।’ অপারেশন মহাদেব সম্পর্কেও এদিন শাহ কথা বলেন। এই অভিযানে পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, নিহতদের আত্মীয়স্বজনদের কাছ থেকে আমি অনেক ফোন পেয়েছিলাম। তাঁরা আমাকে অনুরোধ করেছিলেন, এই সন্ত্রাসীদের মাথায় গুলি করে হত্যা করার জন্য। আমাদের কর্মকর্তারা জঙ্গিদের মাথায় গুলি করে হত্যা করেছে।’ এদিন শাহ আরও বলেন, ‘অপারেশন মহাদেব অভিযানে নিহত ৩ সন্ত্রাসীর পরিচয় প্রমাণ করে যে পহেলগাঁওয়ে হামলায় লস্কর-ই-তৈবার হাত ছিল।’ প্রসঙ্গত, সোমবার শ্রীনগরের কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গিরা আসলে পহেলগাঁও কাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানান শাহ।

সরকারের তরফে জানানো হয়েছিল, ঘটনাস্থল থেকে যে গুলির খোল উদ্ধার হয়েছে সেগুলি পহেলগাঁও কাণ্ডে ব্যবহৃত গুলির খোলের সঙ্গে ৯৯ শতাংশ মিলে গেছে। এদিন অমিত শাহ কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত করার বার্তা দেন। তিনি বলেন, ‘আমি একটি জোরালো বার্তা দিতে চাই যে কাশ্মীর সন্ত্রাসবাদমুক্ত হবে।’ শাহ বলেন, ‘আমি পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছি… তাঁরা সকলেই তাঁদের প্রিয়জন হারানোর জন্য কাঁদছিল… জঙ্গিরা তাঁদের পরিবারের সদস্যদের ধর্ম জিজ্ঞাসা করে খুন করেছে।’

AIMIM: ‘পশ্চিমবঙ্গের অপমান মানে দেশের অপমান’, বাঙালি নির্যাতনের প্রতিবাদে সোচ্চার ইমরান

এই দিনকাল: বিজেপিশাসিত রাজ্যগুলিতে ধারাবাহিক ভাবে বাঙালি নির্যাতনের প্রতিবাদে পথে নামল আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে দলটির কর্মী সমর্থক ও নেতৃত্ব। এদিন মিছিলে পা মেলান মিমের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। মিছিল থেকে তিনি বিজেপিকে আক্রমণ শানান।

মঙ্গলবার মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঙালিদের উপর অত্যাচার প্রসঙ্গে ইমরান সোলাঙ্কি বলেন, ‘বাংলাদেশিদের দেশ থেকে বের করে দিতে চাইলে আমরা পাশে আছি। কিন্তু মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ পশ্চিমবঙ্গের লোককে বাংলাদেশি দাগিয়ে দিয়ে আপনি বের করে দেবেন, তা হবে না।’ তাঁর আরও সংযোজন, ‘বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে মারা হচ্ছে। বিজেপি এখানে ক্ষমতায় এলে আমাদের সবার উপরে আক্রমণ নামিয়ে আনবে। ওরা বাঙালিকে চায় না। বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি আমাদের অহঙ্কার। পশ্চিমবঙ্গের মানুষের অপমান মানে দেশের অপমান, ভারতের অপমান।’

মঙ্গলবার মিছিলে পা মেলান মিমের কলকাতা জেলা সভাপতি নাফিস আনসারি, মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ-সহ রাজ্য স্তরের বহু নেতা। পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি ইস্যুতে যে ভাবে মিম পথে নেমেছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ বিভিন্ন সময়ে ‘বিজেপির বি টিম’ বলে মিমকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। কিন্তু শাসকদল যতই এমন তকমা দিক না কেন, বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের উপর নিপীড়ন যে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন সহ্য করবে না, কার্যত পথে নেমে তা বুঝিয়ে দিলেন ইমরান সোলাঙ্কিরা।

History: ইতিহাস রক্ষায় বাংলার পুরাতত্ত্ব গবেষণাকেন্দ্রের আয়োজন

এই দিনকাল: বাংলার পুরাতত্ত্ব গবেষণাকেন্দ্রের উদ্যোগে রবিবার কলকাতার আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল ‘কৃষ্ণকালী মণ্ডল স্মারক বক্তৃতা’। এটি ছিল সংস্থার দ্বিতীয় বর্ষের আলোচনা। বিষয় ছিল, ‘বাংলার ইসলামি স্থাপত্যে সমন্বয়ী ধারা: সুলতানি থেকে ঔপনিবেশিক পর্ব’। এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হয়, রঙ্গনকান্তি জানা লিখিত  ‘পুরাকীর্তির আলোকে দক্ষিণ ২৪ পরগনার মানবসংস্কৃতির ধারা’ নামক একটি স্মারক গ্রন্থ। প্রকাশিত হয় তথাগত সেন ও রাজীব বনু সম্পাদিত গবেষণামূলক পুরাতত্ত্ব বিষয়ক পত্রিকা ‘রক্তমৃত্তিকা’র তৃতীয় বর্ষের প্রথম সংখ্যা।

বর্তমান সময়ে বিভিন্ন ভাবে ইতিহাস বিকৃত করার অভিযোগ ওঠে। বাদ যায় না আঞ্চলিক ইতিহাসও। তবে পুরাতত্ত্ববিদ কৃষ্ণকালী মণ্ডল ছিলেন এই বিষয়ে ভীষণ সচেতন। দক্ষিণ ২৪ পরগনার ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চার অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। তাঁর পথ অনুসরণ করে চলেছে বাংলার পুরাতত্ত্ব গবেষণাকেন্দ্র। 

রবিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রূপেন্দ্রকুমার চট্টোপাধ্যায়। প্রধান বক্তা ছিলেন ইন্দ্রজিৎ চৌধুরী। উপস্থিত শ্রোতাদের জন্য ছিল বিশেষ প্রশ্নোত্তর পর্বও। এছাড়াও উপস্থিত ছিলেন ইতিহাস ও পুরাতত্ত্ব প্রেমী বেশ কিছু মানুষ, তাদের মধ্যে অন্যতম হলেন শ্রী অনুপ মতিলাল, শ্রী গৌতম বসুমল্লিক, শ্রী অমিতাভ কারকুন, শ্রী সুতনু ঘোষ, প্রমুখ। অনুষ্ঠানের আহ্বায়ক তথাগত সেন ও সম্পাদক রাজীব বনু জানান, বাংলার পুরাতত্ত্ব গবেষণা কেন্দ্রের এবারের আয়োজন সফল। এবার থেকে বিশেষ জোর দেওয়া হবে রাজ্যের বিভিন্ন জেলার পুরাতত্ত্বে।

AIMIM: বিধানসভার আগে বাংলায় মজবুত হচ্ছে মিম, তৃণমূল-সহ বিভিন্ন দল থেকে ৭০০ জন ওয়েইসির দলে

এই দিনকাল: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। ভোটের ময়দানে জমি প্রস্তুত করতে ইতিমধ্যে ঝাঁপিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে পিছিয়ে নেই ব্যারিস্টার আসাদউদ্দিনের দল মিম (AIMIM)। বাংলায় সংগঠন মজবুত করতে ও জনভিত্তি বাড়াতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে রবিবার প্রকাশ্য জনসভা করল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন। আর এই জনসভায় তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৭০০ জন কর্মী যোগ দিলেন মিম পার্টিতে।

রবিবার জয়নগরের বাংলার মোড়ে জনসভায় উপস্থিত ছিলেন মিমের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। এছাড়াও ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি সুজাউদ্দিন মণ্ডল, দক্ষিণ জোনের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন কাসেমি। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন দলের রাজ্য সভাপতি এদিন মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সরব হন।  জয়নগরের অনুন্নয়ন নিয়ে তিনি শাসকদলকে নিশানা করেন। এ ছাড়া বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতনের বিরুদ্ধেও আওয়াজ তোলেন ইমরান সোলাঙ্কি। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে মার খাচ্ছে, সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সোলাঙ্কি। তিনি বলেন, ‘বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। বাঙালিরা দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশার মতো ভিন রাজ্যে গিয়ে রাজমিস্ত্রী, জরির কাজ করেন। বাঙালি নির্যাতনের বিরুদ্ধে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে?’

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এদিন মিমের কর্মী সমর্থকরা সমাবেশে যোগ দেন। বাংলায় এত রাজনৈতিক দল থাকতে কেন মিমের পতাকা কাঁধে তুলে নিয়েছেন? এই প্রশ্নের জবাবে সমাবেশে আসা মগরাহাট পশ্চিম কেন্দ্রের কোর কমিটির নেতা সাহিদ হোসেন মোল্লা ‘এই দিনকাল’কে বলেন, ‘ভারতবর্ষের নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দলিত, আদিবাসী, ওবিসিদের জন্য যিনি সংসদে আওয়াজ তুলছেন সেই আসাদ উদ্দিন ওয়েইসির হাত শক্ত করার জন্য মিমে যোগ দিয়েছি। শুধু তাই নয় ওয়াকফ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও আমরা দেখেছি।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার রাজনৈতিক অঙ্গনে মিমের উত্থান বিপাকে ফেলতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেসকে। বিশেষ করে সংখ্যালঘু ভোট হাত ছাড়া হতে পারে জোড়াফুল শিবিরের।

AI: চাকরি খাচ্ছে এআই, ১২০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে টাটা 

এই দিনকাল: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এর দৌলতে এবার চাকরি হারাতে চলেছেন প্রায় ১২২০০ কর্মী। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ২০২৬ আর্থিকবর্ষে (এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬) কর্মী সংখ্যা দুই শতাংশ কমানোর পরিকল্পনা করছে। এর ফলে ম্যানেজমেন্ট বিভাগের মাঝারি এবং উচ্চপদস্থ কর্মীরা বেকার হতে চলেছেন বলে সূত্রের খবর।

টিসিএস এআই এবং অন্যান্য উন্নত প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে। যার ফলে বিভিন্ন দেশে সংস্থার কর্মী ছাঁটাই এক প্রকার অপরিহার্য হয়ে পড়েছে। সেই কারণে সংস্থাটির প্রায় ১২২০০ কর্মীকে ছাঁটাই করা হবে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর সিইও কে কৃত্তিবাসন এই পদক্ষেপকে ‘সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলির মধ্যে একটি’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং অপারেটিং মডেলের পরিবর্তনের কথা বলে আসছি। কাজের ধরণ পরিবর্তন হচ্ছে। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চটপটে হতে হবে। আমরা এআই ব্যবহার করছি এবং ভবিষ্যতের জন্য আমাদের প্রয়োজনীয় দক্ষতা মূল্যায়ন করছি। সহযোগীদের ক্যারিয়ারের সমৃদ্ধি এবং সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু করেছি।’

কে কৃত্তিবাসন আরও বলেন, ‘এখনও পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভূমিকা রয়েছে যেখানে পুনর্মোতায়েন কার্যকর হয়নি। এটি আমাদের বিশ্বব্যাপী কর্মীবাহিনীর প্রায় দুই শতাংশকে প্রভাবিত করবে, প্রাথমিকভাবে মাঝারি এবং সিনিয়র স্তরে। এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল না এবং সিইও হিসেবে আমার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল।’ উল্লেখ্য, বর্তমানে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর কর্মী সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার।

Ranitidine: অম্বলের এই বিশেষ ওষুধে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকার আশঙ্কা, তদন্তের নির্দেশ কেন্দ্রের

এই দিনকাল: অম্বলের জন্য ব্যবহৃত হওয়া ওষুধ রেনিটিডিনে (Ranitidine) ক্যান্সার সৃষ্টিকারী উপাদান কারসিনোজেন থাকতে পারে, এমনটাই আশঙ্কা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-এর। আর তাই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ামক সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে রেনটিডিন প্রস্তুতকারক সংস্থাগুলি যেন ওষুধে নাইট্রোসোডাইমিথাইলঅ্যামাইন বা এনডিএমএ লেভেলের উপর নজর রাখে। পাশাপাশি, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শেলফ লাইফ কমানোর পরামর্শও দিয়েছে সিডিএসসিও।

ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড বা ডিটিএবি- এর ৯২তম বৈঠক হয়েছিল গত ২৮ এপ্রিল। সেই বৈঠকে গৃহীত সুপারিশের পর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই), ডক্টর রাজীব সিং রঘুবংশী এই পদক্ষেপ নিয়েছেন। রেনিটিডিনে অশুদ্ধতা সংক্রান্ত আশঙ্কা খতিয়ে দেখতে গত বছরের ডিসেম্বরে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল বোর্ড। সেই কমিটির তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। এর পর সংশ্লিষ্ট রিপোর্টটি পর্যালোচনা করে ডিটিএবি। তার ভিত্তিতে, এনডিএমএ গঠনে ভূমিকা রাখতে পারে এমন স্টোরেজ পরিস্থিতি-সহ বিষয়টির সমস্ত দিক পরীক্ষা করার জন্য একটি বৃহত্তর কমিটি গঠনের পরামর্শ দিয়েছে ডিটিএবি।

এছাড়াও, বোর্ডের তরফে সুপারিশ করা হয়েছে এনডিএমএ-এর উপস্থিতির ভিত্তিতে রেনিটিডিনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা মূল্যায়ন করার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ একটি গবেষণা-কর্ম চালাবে। প্রস্তুতকারী সংস্থাগুলিকে এখন ঝুঁকি-ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে, যেমন শেলফ লাইফ কমানো, স্টোরেজ পদ্ধতিতে পরিবর্তন করা এবং তাদের সরবরাহ ক্ষেত্রে এনডিএমএ পরীক্ষার প্রোটোকল বাড়ানো। দিল্লি এইমসের অনকোলজিস্ট ডক্টর অভিষেক শঙ্কর এ বিষয়ে বলেন, ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার বা আইএআরসি-এর তথ্য অনুসারে, রেনিটিডিন গ্রুপ ২এ কার্সিনোজেন বিভাগে পড়ে, যার অর্থ এটি একটি সম্ভাব্য হিউম্যান কারসিনোজেন। ফ্যামোটিডিন এবং প্যান্টোপ্রাজলের মতো নিরাপদ বিকল্প ওষুধ থাকার পরেও এটি প্রেসক্রাইব করা উচিত নয়।’

Mamata Banerjee: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদে ফের গর্জে উঠলেন মমতা

এই দিনকাল: বাঙালিদের উপর অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেড়েছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, বাংলা ভাষায় কথা বলার কারণে পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। আর এগুলি ঘটছে মূলত অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, ওড়িশার মত বিজেপি-শাসনাধীন রাজ্যগুলিতে। বাঙালিদের বাংলাদেশি সন্দেহে আটক করে ডিটেনশন ক্যাম্পে রাখা কিংবা জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। আগেই এই নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বার এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এবং নিউইয়র্ক-ভিত্তিক বহু-দেশীয় এনজিও হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এখন বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার কর্তৃক ভারতের বাংলাভাষী মানুষদের হয়রানি, নিপীড়ন এবং অবৈধভাবে নির্বাসনের বিষয়টি তুলে ধরেছে। মানবাধিকার সংগঠনটি একটি রিপোর্ট প্রকাশ করেছে যা আমরা বলে আসছি: বিজেপি সরকার কর্তৃক বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন বর্ণ এবং সম্প্রদায় নির্বিশেষে নির্যাতন করা হচ্ছে এবং দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া পরিচালক এলেন পিয়ারসন বলেছেন, বিজেপি নির্বিচারে ভারতীয় নাগরিক-সহ বাঙালিদের দেশ থেকে বের করে দিয়ে বৈষম্যকে উস্কে দিচ্ছে।’ তাঁর আরও সংযোজন, ‘এইচআরডব্লিউ জানিয়েছে যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে বিজেপি শাসিত রাজ্য অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লিতে এটি ঘটছে। লজ্জার বিষয়!! এখন, এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিও ভারতে ভাষাগত সন্ত্রাসবাদের দিকে নজর দিতে শুরু করেছে। এটি অবিলম্বে বন্ধ করা উচিত!!’