Delimitation Bill: মহিলা সংরক্ষণ সমর্থন করলেও আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় এককাট্টা ইন্ডিয়া ব্লক



এই দিনকাল: ছন্নছাড়া ইন্ডিয়া ব্লককে (INDIA bloc) এক টেবিলে নিয়ে এলো মোদী সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিল (delimitation bill)। আগামী ১৬ এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে সচেষ্ট হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই আবহে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসলেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক করেন বিরোধীরা। তবে মহিলা সংরক্ষণ সমর্থন করলেও, আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতা করবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিরোধী শিবির। সর্বদলীয় বিরোধী বৈঠকের পর সংবাদমাধ্যমকে খাড়গে বলেন, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে সংবিধান সংশোধনী বিলগুলোকে সরকার যেভাবে জোর করে পাশ করাতে চাইছে তার তীব্র বিরোধিতা করছি আমরা।


তাঁর কথায়, ‘আমরা মহিলা সংরক্ষণের বিরুদ্ধে নই, কিন্তু সরকার যেভাবে বিলগুলো আনছে তার বিরোধিতা করছি। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ বিশেষ সংসদ অধিবেশনের একদিন আগে ইন্ডিয়া ব্লকের এমন সিদ্ধান্তে স্বাভাবিক ভাবে মনে করা হচ্ছে, লোকসভায় এনডিএ বনাম ইন্ডিয়া ব্লকের জোর সংঘাত বাধতে চলেছে।

বুধবার খাড়গের বাসভবনে বৈঠকে অংশ নিয়েছিল আপ, আরজেডি, তৃণমূল এবং ডিএমকে-সহ সকল বিরোধী দল। খাড়গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ‘শুধুমাত্র বিরোধী দলগুলোর কণ্ঠরোধ করতে সরকার এটা করছে।’ ২০২৩ সালে পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়ম বিলটি কার্যকর করার পথ প্রশস্ত করতে সরকার তিন দিনের অধিবেশনে তিনটি সংশোধনী বিল পেশ করবে। সংশ্লিষ্ট বিলে লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ৮৫০ আসনের মধ্যে ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ২০২৩ সালে সংসদে অনুমোদিত মূল বিলটিতে ২০২৭ সালের আদমশুমারির ভিত্তিতে নারী সংরক্ষণ বাস্তবায়নের কথা ছিল। এর আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা ছিল ২০৩৪ সালে। তবে, মোদী সরকার এখন ২০২৯ সালের নির্বাচনের আগেই এই বিলের বাস্তবায়ন করতে চাইছে। আসন পুনর্বিন্যাসের কাজটি ২০১১ সালের জনগণনা অনুসারে করা হবে। আর এটাই বিরোধী দলগুলির আপত্তির মূল কারণ। বিরোধী শিবির চায়, ২০২১ সালের জনগণনার তথ্য না পাওয়া পর্যন্ত আসন পুনর্বিন্যাসের কাজ স্থগিত রাখা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *