এই দিনকাল: স্ত্রীর কাছে চার হাজার টাকা (Money) চেয়েছিলেন। কিন্তু তা না দেওয়ায় ছুরি দিয়ে কুপিয়ে খুনের (Murder) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার ভোরে এই ঘটনা ঘটেছে কলকাতার কসবায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম স্বপ্না সিং। তাঁর স্বামী বিনোদ সিং এর সঙ্গে প্রায় সময় ঝামেলা হত। মূলত নেশা করার জন্য বিনোদ স্ত্রীর কাছে টাকা চাইতেন। আর তা না দিলে স্ত্রীকে মারধর করতেন। কোনও কাজ করতেন না অভিযুক্ত। স্বপ্নার টাকায় সংসার চলত। স্থানীয়দের দাবি, শনিবার রাত ১০টা নাগাদ বাড়ি ফিরেছিলেন বিনোদ। বাড়িতে ঢুকেই স্ত্রীর কাছে চার হাজার টাকা চান। কিন্তু তা দিতে অস্বীকার করায় স্বপ্নার উপর রেগে যান বিনোদ। বাড়ি থেকে বেরিয়ে যান।
পরে ভোরের দিকে বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিতেথাকেন। তাদের মেয়ে দরজা খুলে দিলে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় থাকা স্বপ্নাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থকেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। স্ত্রীকে কুপিয়ে পালানোর চেষ্টা করলে বিনোদকে পাকড়াও করেন প্রতিবেশীরা। তাঁরাই স্বপ্নাকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। সকালে পুলিশকে খবর দেওয়া হলে বিনোদকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করেন তদন্তকারীরা। স্বপ্নার মেয়ের কাছ থেকে গোটা ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।