Humayun Kabir: প্রাক্তন জোটসঙ্গী মিমকে নিয়ে বিস্ফোরক হুমায়ুন! বললেন ‘তৃণমূলের সঙ্গে রফা করেছে’

এই দিনকাল: হুমায়ুন কবীরের (Humayun Kabir) নয়া দাবি ঘিরে শোরগোল বঙ্গ রাজনীতিতে। সম্প্রতি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের একটি বিতর্কিত ভিডিও সামনে এসেছিল। যেখানে বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার রফার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় এই ভিডিও সামনে আসতেই হুমায়ুনের দলের সঙ্গ ছেড়েছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। এই পরিস্থিতিতে মিম নেতাদের পাল্টা নিশানা করলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। তাঁর দাবি রাজ্যের মিম নেতারা জোড়াফুল শিবিরের সঙ্গে ২০ কোটি টাকার ডিল করেছেন, তাঁর দলের সঙ্গে জোট ভাঙার জন্য।


শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন, মুর্শিদাবাদে বসে তিনি রাজ্যের শাসকদল এবং মিম নেতাদের নিশানা করেন। ভরতপুরের বিদায়ী বিধায়কের দাবি, কয়েক জন মিম নেতার সঙ্গে তৃণমূলের ২০ কোটি টাকার ডিল হয়েছে। মিমের পশ্চিমবঙ্গের সভাপতি ইমরান সোলাঙ্কি এবং মুর্শিদাবাদের জেলা স্তরের নেতা আসাদুল শেখকে নিশানা করে তাঁর দাবি, ‘ওই দুই নেতার সঙ্গে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান এবং তৃণমূলের প্রতিনিধির ২০ কোটি টাকার ডিল হয়েছে।’ এখানেই না থেমে হুমায়ুন আরও বলেন, ‘ইতিমধ্যেই তারা ২ কোটি টাকা পেয়েছেন।’ যদিও হুমায়ুনের অভিযোগ অস্বীকার করেছে মিম।


উল্লেখ্য, হুমায়ুন কবীর বিজেপির সঙ্গে তলে তলে সম্পর্ক রেখে চলছেন বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। তাতে শোনা যায়, পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলছেন হুমায়ুন। ১০০০ কোটি টাকার রফার কথাও বলেন তিনি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এই দিনকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *