Humayun Kabir: ‘মুসলিমদের দমনের নীতি নিয়েছেন মমতা’, মোফাক্কেরুলের গ্রেফতারের নিন্দা হুমায়ুনের

এই দিনকাল: এসআইআর এর ফলে নাম বাদের প্রতিবাদে সামিল হওয়ায় কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে ওই মামলার তদন্তভার হাতে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জনপ্রিয় ওই আইনজীবীর গ্রেফতারের নিন্দা জানালেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুধু তাই নয়, মোফাক্কেরুলকে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত বলে সরব হয়েছেন তিনি।

রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে তাঁকে মোফাক্কেরুলের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে মুর্শিদাবাদের তৃণমূল ত্যাগী নেতা বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। মোফাক্কেরুল ইসলামকে ফাঁসানো হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই ফাঁসিয়েছেন। কারণ মোথাবাড়ি কাণ্ডে তিনি যদি জড়িত থাকতেন, তাহলে মোথাবাড়ির ওসি কেন তাঁকে গ্রেফতার করলেন না? ওখানকার এসপি কেন গ্রেফতার করলেন না? কেন তাঁকে উত্তরবঙ্গের বিমানবন্দরের কাছে তাঁকে সিআইডি গ্রেফতার করল? এটা পুরো পরিকল্পনা।’ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের দমন করছেন বলে অভিযোগ করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘মুসলমানদের ভালবাসার নামে মুসলমানদেরকে দমন করার নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন। এর খেসারত মালদা-সহ বাংলার মুসলমানররা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে আগামী নির্বাচনে। আমি এই গ্রেফতারের নিন্দা করছি।’


উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়েছে মালদহ। ওই জেলার মোথাবাড়ি, সুজাপুর-সহ একাধিক জায়গায় প্রতিবাদে সামিল হয়েছিলেন মানুষ। সেই বিক্ষোভ থেকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের অভিযোগ উঠেছিল। গাড়িতে ভাঙচুরেরও অভিযোগ সামনে এসেছিল। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Comment