Petrol: পেট্রোল-ডিজেলে ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত মোদী সরকারের


এই দিনকাল: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি উদ্বেগ তৈরি হয়েছে। ভারতেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহে তেল বিপণনকারী সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়া এড়াতে পেট্রোল (Petrol) ও ডিজেলের মূল্যে লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিওলে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে পেট্রোলের উপর চাপানো শুল্ক ১৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩ টাকা। ডিজেলের ক্ষেত্রে এই শুল্কের পরিমাণ নেমে গিয়েছে শূন্যে। তবে বাজার পর্যবেক্ষকদের মতে, সরকারের এই সিদ্ধান্তের ফলে পেট্রোল ডিজেলের দাম কমার সম্ভাবনা নেই। কারণ অন্তঃশুল্ক কমানোর উদ্দেশ্য দেশের তেল বিপণনকারী সংস্থাগুলির ক্ষতি লাঘব করা। বিভিন্ন দেশ থেকে যে ভারতীয় সংস্থাগুলি অপরিশোধিত তেল আমদানি করে, তার উপর অন্তঃশুল্ক নেয় সরকার। এই শুল্কের পরিমাণ গত বছর বাড়িয়েছিল মোদী সরকার। কিন্তু বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে তেলের দাম অনেকটাই বেড়েছে। যার ফলে সংস্থাগুলি ক্ষতির মুখে পড়ছে। তা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের সঙ্গে মিলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে। যার ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। যুদ্ধের কৌশল হিসেবে ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে। তবে বেশ কিছু বন্ধু দেশকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ছাড়পত্র দিয়েছে ইরান। যে তালিকায় ভারতও রয়েছে। বেশ কিছু ভারতীয় জাহাজ তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে যদিও জানানো হয়েছে, দেশে যা অশোধিত তেল মজুত রয়েছে, তা দিয়ে ৬০ দিনের চাহিদা মেটানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *