Durga Puja: মহালয়ায় জমজমাট হয়ে উঠবে ইডেন! অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী

এই দিনকাল: রাজনৈতিক পালাবদলের পর বাংলায় এ বার প্রথম দুর্গাপুজো (Durga Puja)। আর সেই পুজোর সূচনাকে ঘিরেই বড়সড় আয়োজনের পথে রাজ্য সরকার। আগামী ১০ অক্টোবর মহালয়া। ওই দিন কলকাতার ইডেন গার্ডেন্সে হতে পারে বিশেষ মেগা অনুষ্ঠান। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে তাঁর উপস্থিতি এখনও নিশ্চিত নয়। সরকারি স্তরে আয়োজনের প্রস্তুতি অবশ্য শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ইতিমধ্যে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছে। আয়োজনের বিভিন্ন দায়িত্ব দেওয়ার জন্য দরপত্র প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর। কী থাকবে অনুষ্ঠানে? সূত্রের খবর, বাংলার দুর্গাপুজোর দীর্ঘ ইতিহাস তুলে ধরা হবে। থাকবে রাজ্যের লোকসংস্কৃতির নানা দিক। অনুষ্ঠানে দেখা যেতে পারে ধুনুচি নাচ। থাকছে ছৌ নাচও। বাংলার ঐতিহ্যবাহী ঢাকের বাদ্যি দিয়েও সাজানো হবে অনুষ্ঠান। দুর্গাপুজোকে ঘিরে বাংলার অর্থনীতির বড় একটি অংশ নির্ভরশীল। প্রতিমাশিল্পী থেকে মণ্ডপ নির্মাতা। আলোকশিল্পী থেকে পোশাক ব্যবসায়ী। ঢাকি থেকে পরিবহণ কর্মী। রেস্তরাঁ ব্যবসা থেকে পর্যটন। পুজোর মরসুমে বহু মানুষের আয় জড়িয়ে থাকে। রাজ্য সরকারের বক্তব্যও সেই জায়গাতেই। পুজোর সঙ্গে যুক্ত মানুষের জীবিকায় কোনও প্রভাব পড়ুক, তা চায় না সরকার। তাই উৎসবের আয়োজনের পাশাপাশি পুজো ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল রাখার দিকে নজর দেওয়া হচ্ছে।

আগের সরকারের আমলে কলকাতা ও রাজ্যের একাধিক বড় পুজোর সঙ্গে নেতা-মন্ত্রীরা সরাসরি যুক্ত ছিলেন। রাজনৈতিক পালাবদলের পর সেই পুজোগুলির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। যদিও নতুন সরকারের তরফে বারবার জানানো হয়েছে, পুজো আগের মতোই হবে। তারই মধ্যে মহালয়ায় ইডেনের এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। বাংলার দুর্গাপুজোকে বৃহত্তর মঞ্চে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য বলে প্রশাসনিক সূত্রে খবর। আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে দুর্গাপুজোর গুরুত্ব আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তাই এখন বড় বিষয়। ইডেন গার্ডেন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিপুল মানুষের সমাগম হলে প্রয়োজন কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনা থাকলে নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Leave a Comment