এই দিনকাল: ছোট মন। লজেন্সের প্রতি তার আকর্ষণ জন্মেছিল। আর সে কারণে পাড়ার মুদি দোকান থেকে কয়েকটি লজেন্স ‘চুরি’ করেছিল। আর সে কারণে শাস্তি হিসেবে বাবার অমানবিক প্রহারের (Crime) ফলে প্রাণ হারাল ১২ বছরের শিশু।
পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার বাবা তাকে নির্মম ভাবে লাঠি দিয়ে পিটিয়েছে। যার ফলে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। রিপোর্ট অনুসারে, ওই গুণধর বাবার নাম পুষ্পেন্দ্র ওরফে পাপ্পু শর্মা। ২৭ মার্চ মৃত শিশুর মা আরতি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি বলেন, তার স্বামী পুষ্পেন্দ্র মেয়েকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক দোকানদার পাপ্পুর কাছে নালিশ করেন, তার মেয়ে দোকান থেকে লজেন্স চুরি করেছে বলে। এরপরই রেগে গিয়ে পাপ্পু মেয়েকে মারধর করে।
অভিযোগ দায়েরের পর পুলিশ নরোরা থানায় একটি এফআইআর দায়ের করে। সেই সঙ্গে রবিবার পুষ্পেন্দ্রকে গ্রেফতার করে। পুলিশ কর্তা গঙ্গা প্রসাদ আর্য বলেন, ‘অপরাধে ব্যবহৃত লাঠিটি উদ্ধার করা হয়েছে।’ এদিকে মেয়েকে হারিয়ে শোকে পাথর আরতি। গোটা ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে।
