Loudspeakers: মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

এই দিনকাল: রাজ্যের বিভিন্ন মসজিদ (mosque) থেকে মাইক (Loudspeakers) খোলার অভিযোগ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। মঙ্গলবার আদালত জানায়, পুলিশের মৌখিক নির্দেশের ভিত্তিতে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়।

সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করে মামলাটি করা হয়েছে বলেও আদালত উল্লেখ করেছে। মামলায় প্রায় চার হাজার মসজিদ থেকে মাইক খোলার অভিযোগ তোলা হয়েছিল। তবে আদালতের বক্তব্য, ওই মসজিদগুলির অধিকাংশকেই মামলায় পক্ষ করা হয়নি। ফলে সংশ্লিষ্ট মসজিদগুলির বক্তব্যও আদালতের সামনে আসেনি। এই কারণেই মামলা খারিজ করা হয়েছে বলে জানায় বেঞ্চ।

উল্লেখ্য, ধর্মীয় স্থান থেকে আইনি নোটিস ছাড়াই লাউডস্পিকার খুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশ জোর করে মাইক খুলে নিচ্ছে বলে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের প্রতিবাদে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী দানিশ ফারুকী। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর অভিযোগ, বিভিন্ন ধর্মীয় স্থান থেকে প্রশাসনের তরফে মাইক খুলে দেওয়া হচ্ছে। এই পদক্ষেপের বৈধতা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাইক সংক্রান্ত অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছিলেন। তাঁর দাবি, রাজ্যজুড়ে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ৫,২৯৯টি লাউডস্পিকার খুলে নেওয়া হয়েছে। এর মধ্যে মসজিদ থেকে ৪,২০৩টি লাউডস্পিকার খোলা হয়েছে এবং মন্দির থেকে খোলা হয়েছে ১,০৯৬টি লাউডস্পিকার।

কোনও নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করে অভিযান চালানো হচ্ছে না বলেও জানিয়েছিলেন তিনি।

Leave a Comment