এই দিনকাল: রাজ্যের নারী শিক্ষার প্রসারে অর্থাৎ মেয়েদেরকে স্কুলমুখী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। মেয়েদের উচ্চশিক্ষামুখী করতে এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে উচ্চমাধ্যমিকের পর মেয়েদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে উচ্চশিক্ষার জন্য। রবিবার খেজুরির সভা থেকে তিনি এ কথা বলেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে খেজুরি কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুব্রত পাইক। রবিবার তাঁর সমর্থনে পথসভা করেন শুভেন্দু অধিকারী। বাজকুল দেশপ্রাণী রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নাগেরবাজার পর্যন্ত রোড শো করেন রাজ্যের বিরোধী দলনেতা। নাগেরবাজারে ভাষণ দেওয়ার সময় শিশিরপুত্র বলেন, ‘উচ্চ মাধ্যমিক পাশের পর যে বোনেরা উচ্চশিক্ষা নিতে চায় তাদেরকে এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে।’ পাশাপাশি চাকরির জন্য যারা প্রস্তুতি নেবেন সেই সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য তিনি বলেন, এককালীন ১৫ হাজার টাকা দেওয়া হবে তাঁদেরকে।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা আয়োজিত হতে চলেছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। সমস্ত আসনের ফলপ্রকাশ হবে ৪ মে। ভোটের আর হাতে গুনে তিন দিন বাকি, তার আগে প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দল।