Crime: গলা কেটে দুই শিশুকন্যাকে খুন বাবার, নিজেই পুলিশকে খবর দেয় অভিযুক্ত



এই দিনকাল: নিজের যমজ দুই শিশুকন্যাকে গলা কেটে খুন (Crime) করল জন্মদাতা বাবা। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। দুই সন্তানকে খুনের পর অভিযুক্ত নিজেই থানায় খবর দেয়। পরে তদন্তকারীরা এসে ঘাতক জন্মদাতাকে গ্রেফতার করে।

তদন্তে কী জানা যাচ্ছে (Crime)?


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কানপুরে নিজের বাড়িতেই ১১ বছর বয়সী দুই কন্যাকে গলা কেটে হত্যা করে বলে অভিযোগ। রবিবার সকালে পুলিশ এই জোড়া হত্যাকাণ্ডের খবর পায়। দুই মেয়েকে হারিয়ে বিপর্যস্ত অভিযুক্তের স্ত্রী। তিনি স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি নিয়মিত মারধর করতেন। শুধু তাই নয়, তাঁর খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিল অভিযুক্ত। তদন্তে জানা গিয়েছে, ২০১৪ সালে প্রেম করে বিয়ে হয়েছিল তাঁদের। তবে কিছুদিন পরেই দম্পতির সম্পর্কে ফাটল ধরে। রেশমা ছেত্রী নামের ওই মহিলার দাবি, অভিযুক্ত নিজের ঘর-সহ গোটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল। রেশমা দাবি করেন, যখনই তিনি বাপের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেন, তখন তাঁর স্বামী অত্যাচার শুরু করত। কোথাও গেলে ছেলেকে নিয়ে যেতে বলতেন এবং মেয়েদের রেখে যেতে বলতেন। রেশমা বলেন, মেয়েদের সঙ্গে নিয়ে যেতে না দেওয়ায় তিনি ছেলেকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, প্রায় নয় মাস পর তিনি ফিরে আসেন। কারণ মেয়েদের ছাড়া থাকতে তাঁর কষ্ট হচ্ছিল। রেশমার দাবি, অতীতে বহুবার তাঁর স্বামী আত্মহত্যা করতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছিল। শুধু তাই নয়, যমজ কন্যাসন্তানদেরকে হত্যা করার কথা বলত। ঘটনার সময় ঘরের আলো নিভিয়ে অভিযুক্ত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন রেশমা।

অন্য দিকে ঘটনার খবর পেয়ে পুলিশ বাড়ির ভেতর থেকে দুই মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে। দুই শিশুর গলায় গভীর কাটা ক্ষত ছিল। প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে। তবে কী কারণে এই খুন তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Leave a Comment