Dinesh Trivedi: তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে মোদী সরকার



এই দিনকাল: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে (Dinesh Trivedi) বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে নয়াদিল্লি। পাঁচ বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতাকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনীতিক প্রণয় ভার্মার জায়গায় ত্রিবেদীকে নিয়োগ করা হচ্ছে। তবে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর প্রণয়কে ইউরোপীয় ইউনিয়নে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিজেপিতে কবে যোগদান করেন ত্রিবেদী (Dinesh Trivedi)?


দীনেশ ত্রিবেদী ইউপিএ সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছিলেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি বর্ষীয়ান রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন। ২০২১ সালের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি। ইউনুস জমানায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল। যার ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতি হয়। তারেক রহমানের সরকারের আমলে ভারত ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক মেরামতে সক্রিয়। তাই এই সময়ে ত্রিবেদীর নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্ষীয়ান রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানো মোদী সরকারের তরফে একটি বার্তা। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিতে সক্ষম হয়েছে, গুরুত্বপূর্ণ দেশগুলিতে রাজনৈতিক নেতাদের ভারতের দূত হিসেবে পাঠানোর ক্ষেত্রে নয়াদিল্লির কোনও ছুঁতমার্গ নেই। এই পদগুলি যে কেবল ভারতের বিদেশ মন্ত্রকের কর্তাদের জন্য সংরক্ষিত নয়, সে বিষয়েও মোদী সরকার নিজেদের অবস্থান জানিয়ে দিল।

Leave a Comment