এই দিনকাল: আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান (US-Iran War) যদি কোনও চুক্তিতে রাজি না হয় তাহলে সংঘাত পুনরায় শুরুর হুমকি দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁর দাবি, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ জারি রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। সেই সময় তিনি এ কথা বলেন।
হেগসেথ আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে মার্কিন নৌবাহিনী, কারণ বর্তমানে ইরানের আর কোনো নৌবাহিনী নেই। ইরান যদি কোনও চুক্তিতে না পৌঁছয় তাহলে, মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানান তিনি। পাশপাশি তিনি দাবি করেন, চিনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যুদ্ধবিরতির সময় তাঁরা ইরানে অস্ত্র পাঠাবে না। হরমুজ প্রণালী প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই প্রণালী খুলতে সাহায্যের জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে ইরানে হামলা চালায়। সেই হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। মার্কিন ইজরায়েলের এই হামলার পর পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ে। ইরানও পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইজরায়েলের ভূখণ্ডে হামলা চালাতে থাকে। অবশেষে এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর উভয় পক্ষ গত ৮ এপ্রিল দু সপ্তাহের জন্য যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। স্থায়ী ভাবে শান্তি ফেরাতে এবং সংঘর্ষে পুরোপুরি ইতি টানতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। তার মাঝেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই হুমকি এলো।