TDN BANGLA: ইঁদুর দৌড়ের কালে সাংবাদিকতায় জবাবদিহিতার চেতনা জাগানোর বার্তা টিডিএন-এর একযুগ পূর্তিতে

এই দিনকাল: বর্তমানে সমাজ মাধ্যমের প্রসার ও ব্যাপকতার যুগে দ্রুত খবর পৌঁছে দিতে গিয়ে বহু সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করে পাঠক ও দর্শকের কাছে খবর পরিবেশন করে থাকে। যার ফলে বড় ভুল হয়ে যায় মাঝে মধ্যে। তবে প্রযুক্তির এই যুগে এমন চর্চায় বিশ্বাস করে না বিকল্প সংবাদ মাধ্যম টিডিএন বাংলা (TDN BANGLA)। অনলাইন সংবাদ মাধ্যমটির ১২ বছর পূর্তিতে রবিবার কলকাতার পার্ক সার্কাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সে কথাই স্পষ্ট ভাবে ঘোষণা করা হল পরিচালকদের তরফে। হলুদ সাংবাদিকতার বাড়বাড়ন্তের এই সময়ে খবর সংগ্রহ ও পরিবেশনে জবাবদিহিতার চেতনা ফেরানোর কথা বলেন সম্পাদকমণ্ডলী।

সংবাদ মাধ্যমটির প্রতিষ্ঠাতা সম্পাদক মোকতার হোসেন মণ্ডল বলেন, ‘২০১৫ সালের ২৮ আগস্ট ফেসবুক পেজের মাধ্যমে যাত্রা শুরু করেছিল টিডিএন বাংলা। বর্তমানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ওয়েবসাইট মিলিয়ে প্রায় ৯ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই বিকল্প ধারার সংবাদ মাধ্যমটি।’ ১২ বছরের পথচলা এবং দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত বিশেষ আলোচনা সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গুণীজনরা উপস্থিত ছিলেন। বক্তা তালিকায় ছিলেন অধ্যাপক মইদুল ইসলাম, দৈনিক আপনজন সম্পাদক যাইদুল হক, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ঋজু বসু, দৈনিক পূবের কলম সম্পাদক আহমদ হাসান ইমরান, আইনজীবী শামিম আহমেদ, অধ্যাপক ইমানুল হক, রাজনীতিবিদ মুহাম্মদ কামরুজ্জামান, সারওয়ার হাসান, লেখক অনন্ত আচার্য, অধ্যাপক নূরুল ইসলাম-সহ বিশিষ্ট সমাজকর্মীরা।

জবাবদিহিতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা, সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি সতর্কতা এবং সম্প্রীতি রক্ষায় সংবাদমাধ্যমের দায়িত্ব নিয়ে আলোচনা হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পাঠকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গী করে এগিয়ে চলা টিডিএন বাংলার জন্য বক্তারা শুভেচ্ছাবার্তা দেন।

Leave a Comment