Tag Archives: Odisha MLA

Ram Navami: ওড়িশায় রাম নবমীর মিছিল থেকে গুলি চালালেন বিজেপি বিধায়ক! দায়ের অভিযোগ




এই দিনকাল: রাম নবমীর (Ram Navami) মিছিল থেকে শুন্যে গুলি চালানোর অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেঙ্গির জেলায়। গুলি চালানোর পর আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত মানুষজনের মধ্যে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের গোটা দৃশ্যটি ধরা পড়েছে ক্যামেরায়। ঘটনার পর ওই বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, ওড়িশার তিতলাগড়ের বিধায়ক নবীন জৈন। তিনি বিজেপির টিকিটে জয়ী হন। শুক্রবার রাম নবমীর মিছিল থেকে আচমকা শূন্যে গুলি চালান তিনি। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর সুরক্ষা বিধি লঙ্ঘন হয়েছে। মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক (পিএসও) প্রেমচাঁদ নাগকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার বালেঙ্গির পুলিশ সুপারের কার্যালয়ে নর্দার্ন রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল পিএসও-কে জিজ্ঞাসাবাদ করেন। তার পরেই এই ব্যবস্থা নেওয়া হয়। বালেঙ্গিরের এসপি অভিলাষ জি জানিয়েছেন, পিএসও-র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে অবিলম্বে বিধায়কের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর তিতলাগড় পুলিশের তরফে অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় বিধায়ক এবং পিএসও -এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারার অধীনেও মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।

বালেঙ্গিরের অতিরিক্ত পুলিশ সুপার হিমাংশু বেহেরা গুলি চালানোর বিষয়টি নিয়ে বলেন, একটি এফআইআর দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ পাঠানো হয়েছে। তাঁর কথায়, ‘আমরা একটি এফআইআর দায়ের করেছি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ পাঠিয়েছি। এছাড়া, অস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। পিএসও-র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’