এই দিনকাল: গো-মাংস বিক্রির সন্দেহে এক মুসলিম ব্যক্তি এবং তাঁর ছেলেকে মারধরের (Mob Lynching) অভিযোগ গেরুয়াপন্থীদের বিরুদ্ধে। হামলার সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। তেলেঙ্গানার জগিত্যাল জেলার বর্ষাকোন্ডা গ্রামে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রিপোর্ট অনুসারে, বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। ৬০ বছর বয়সী মোহাম্মদ ইকবাল কোরেশি এবং তাঁর ১৬ বছর বয়সী নাবালক ছেলে মোহাম্মদ আনাস কোরেশি মাংস বয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় একদল লোক তাঁদের ওপর হামলা করে বলে অভিযোগ। হামলায় আনাসের হাত ভেঙে যায়। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গোটা ঘটনা জানিয়ে মেটপল্লি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উন্মত্ত জনতা “জয় শিবাজী,” “জয় শ্রী রাম,” এবং “জয় ভবানী” স্লোগান দিচ্ছে। বাবা এবং ছেলে দুজনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে নেমে পুলিশ চার থেকে পাঁচ জন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। অনুমান করা হচ্ছে, হামলাকারীদের দলে ১৫ জনেরও বেশি জড়িত ছিল।
বিষয়টি নিয়ে মজলিস বাঁচাও তেহরিক -এর নেতা আমজেদ উল্লাহ খান বলেন, আক্রান্ত বাবা ও ছেলে নিজামাবাদ জেলার মোরতাদ গ্রামের বাসিন্দা। তাঁরা প্রতিদিনের মতো গো-মাংস বিক্রি করছিলেন। আচমকা গেরুয়া রঙের পোশাক পরিহিত হনুমান ভক্তরা তাঁদের ওপর হামলা চালায়। জানা গেছে, উন্মত্ত জনতা বাবা ও ছেলেকে স্থানীয় বাসস্ট্যান্ডে গান্ধী মূর্তির কাছে একটি স্তম্ভের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে। ওই নেতা বলেন, এই ধরনের ঘটনা, আগে উত্তর প্রদেশ, হরিয়ানা এবং বিহারের মতো রাজ্যগুলিতে ঘটত। এখন তেলেঙ্গানাতেও বাড়ছে। আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
