এই দিনকাল: যমুনা নদীতে নৌকাডুবি (Boat Capsizes)। পর্যটকদের নিয়ে নদীতে ডুবে যায় জলযানটি। এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে ৬ জনের। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার বিকেলে বৃন্দাবনের যমুনা নদীতে এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র প্রকাশ সিং এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নৌকায় থাকা সমস্ত পর্যটকই পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। তাঁর কথায়, ‘ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ১৬ থেকে ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’ জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া নৌকাটিতে ২৪ জনের বেশি পর্যটক ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর দল। প্রায় ৫০ জন ডুবুরিকে উদ্ধারকাজে নামানো হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় এক ডুবুরি বলেছেন, এখনও পর্যন্ত প্রায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘উত্তর প্রদেশের মথুরায় নৌকাডুবির দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’
