Islamic State: দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলা আইএস জঙ্গির, নিহত ১৫

এই দিনকাল: প্রার্থনা চলাকালীন ভরা গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালাল আইএস (Islamic State) জঙ্গি। সিরিয়ার রাজধানী দামেস্কে সেন্ট ইলিয়াস চার্চে রবিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে খবর।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গির্জায় হামলার পেছনে ইসলামিক স্টেট গ্রুপের একজন সদস্য জড়িত। এই হামলায় কম করে ১৫ জন নিহত হয়েছে। গত ডিসেম্বরে বিদ্রোহীরা স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর সিরিয়ার রাজধানীতে এটিই প্রথম আক্রমণ। দেশের নতুন কর্তৃপক্ষের জন্য নিরাপত্তা এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি।

বিস্ফোরণের পর তড়িঘড়ি মানুষজনকে সরিয়ে নিতে দেখা যায়। গির্জা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক বিবৃতিতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘রাজধানী দামেস্কের ডোয়েলা এলাকায় সেন্ট ইলিয়াস গির্জায় আইএস সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত একজন আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে গুলি চালায় এবং তারপর একটি বিস্ফোরক বেল্ট দিয়ে নিজেকে উড়িয়ে দেয়।’

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে এই হামলায় ১৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে থেকে কেউ একজন অস্ত্র নিয়ে গির্জার ভেতরে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। লোকজন তাকে থামানোর চেষ্টা করলে সে নিজেকে উড়িয়ে দেয়।

Iran Israel Conflict: ‘বন্ধু’ রাশিয়ার সঙ্গে গোপন পরামর্শ করতে চলেছে ইরান, মার্কিন হামলার জবাব দেবে তেহরান?

এই দিনকাল: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ইজরায়েলের (Israel) পক্ষ নিয়ে ২২ জুন ভোরে ইরানের (Iran) তিনটি পরমাণুঘাঁটিতে আঘাত হেনেছে। যার ফলে এই সংঘাত নতুন মোড় নিয়েছে। ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে মধ্যপ্রাচ্যে। এই আবহে রাশিয়া (Russia) সফর করতে চলেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক মহলে রাশিয়া ইরানের ‘বন্ধু’ দেশ হিসেবে পরিচিত। তাই এই সঙ্কটকালে আব্বাসের রাশিয়া সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তিনি রবিবার রাশিয়া যাচ্ছেন। সোমবার পুতিনের সঙ্গে মস্কোয় তাঁর বৈঠক রয়েছে। সংবাদ মাধ্যমকে আরাগচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা একটা কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় রেখে চলি।’

উল্লেখ্য, গত ১৩ জুন ইজরায়েল প্রথম ইরানের অভ্যন্তরে হামলা করে। সেই হামলার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত চলমান। তারই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় রবিবার। এর আগে ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন। তেহরানের তরফেও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ওয়াশিংটন যদি এই সংঘাতে জড়ায় তাহলে ইরানের নাগালে থাকা মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করা হবে। ট্রাম্পের সেই হুমকি অনুযায়ী এদিন মার্কিন সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালাল। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প বাহিনীর এই হামলার পাল্টা দিতে পারে ইরান। ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেই সংক্রান্ত বিষয় আলোচনা হতে পারে আব্বাসের।

Road Accident: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পুরুলিয়ায় গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৯ জনের

এই দিনকাল: মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident) পুরুলিয়ায়। ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায় শুক্রবার সকালে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৯ জনের। নিহতরা ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহতরা ঝাড়খণ্ডের নিমডি এলাকার বাসিন্দা। বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা। বোলেরো গাড়িতে চেপে তাঁরা এদিন সকালে পুরুলিয়া থেকে বলরামপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের জলা জমিতে উল্টে যায়।

ভয়বহ এই দুর্ঘটনার খবর দেওয়া হয় বলরামপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বোলেরো গাড়ির ভেতর থেকে সকলকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় স্থানীয় বাঁশগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকলকেই মৃত বলে ঘোষণা করেন।

Kaliganj Assembly By-election: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন: বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে মানুষ

এই দিনকাল: চলছে বৃষ্টি। তবুও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটের লাইনে দাঁড়ালেন কালীগঞ্জ বিধানসভা (Kaliganj Assembly By-election) কেন্দ্রের মানুষজন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে এই বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই ভোট কার্যত ‘পরীক্ষা’ রাজ্যের শাদকদল তৃণমূল কংগ্রেসের কাছে। ত্রিমুখী এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে সেদিকেই তাকিয়ে বঙ্গের রাজনৈতিক মহল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বিধায়কের প্রয়াণের পর এই কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রয়াত নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদকে। বিজেপি এখানে প্রার্থী করেছে আশিস ঘোষকে। বামেদের সমর্থনে কংগ্রেস কালীগঞ্জে প্রার্থী করেছে কাবিলউদ্দিন শেখকে। তিন দলের প্রার্থীই এদিন সকাল সকাল ভোট দিয়েছেন। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১০.৮৩ শতাংশ ভোট পড়েছে। উপনির্বাচন ঘিরে নির্বাচন কমিশনও সতর্ক। কোথাও কোনও বিধি লঙ্ঘন হচ্ছে কি না সেদিকে নজর রেখেছে কমিশন। এদিনের ভোটে একাধিক বুথ চত্বর থেকে রাজনৈতিক দলের ফ্ল্যাগ, ফেস্টুন সরিয়ে দিয়েছে কমিশনের আধিকারিকরা। প্রতিটি বুথে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী। লাগানো হয়েছে সিসিটিভি। ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশও পরিস্থিতির উপর নজর রাখছে।

অ্যাশ ট্রে

নিসর্গ নির্যাস মাহাতো

ছোটবেলায় বাবার মুখে সিগারেটের গন্ধটা পছন্দ হত না। অগত্যা সময়ে সময়ে দূরে চলে যেতেন বাবা।

কতবার রাগে আছড়ে মেরেছি অ্যাশ ট্রে। ছড়িয়ে পড়ত সিগারেটের শেষ অস্থি গুলি।

সুদূর প্রবাসে নিঝুম রাতে আমার ছাইদানির দিকে তাকালে বুঝতে পারি, বাবা জমাতেন-

স্বপ্ন। দুশ্চিন্তা। হিসাব।

     আমার ভবিষ্যৎ।।

(ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক)

বোধের শিকড়

কাজী আজাদ

প্রতিটি স্বার্থপরতা
অন্ধবিশ্বাস
আর গোঁড়ামি
একটি বিন্দুতে গিয়ে শেষ হয়।
যেখানে মুছে যায়
সমস্ত আরোপিত বোধ,
সীমারেখা।
মুছে যায় “তুমি’ ‘আমি’।
জেগে থাকি আমরা
আর আমাদের পৃথিবী।

Iran-Israel Conflict: ইরান-ইজরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতায় রাজি রাশিয়া

এই দিনকাল: ইরান ও ইজরায়েলের (Iran-Israel Conflict) মধ্যে সংঘাত পাঁচ দিন ধরে চলমান। এই সংঘর্ষ থামাতে এবার মধ্যস্থতা করতে রাজি হল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার এই অবস্থানের কথা জানিয়েছেন।

পেসকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে রাজি। সেই সঙ্গে তিনি বলেন, ইজরায়েলের তরফে আমরা অন্তত কোনও ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথ অবলম্বন করার আগ্রহ দেখছি না। প্রসঙ্গত, ইরান রাশিয়ার পুরাতন ঘনিষ্ঠ মিত্র। তবে ইজরায়েলের সঙ্গেও ভাল সম্পর্ক বজায় রাখার পক্ষে মস্কো। 

অন্য দিকে পশ্চিম এশিয়ার দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইরানের বন্ধু রাষ্ট্র চিন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং উদ্বেগের কথা জানিয়েছেন। চিনের প্রেসিডেন্ট বলেন, ‘অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের’ বিরোধী চিন। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান করবে না বলে জানিয়েছে বেজিং। ইরান ও ইজরায়েল যাতে শীঘ্রই সংঘাত থামায় সেই লক্ষ্যে দুপক্ষকেই কাজ করতে হবে বলে আবেদন জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, শান্তি ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে বেজিং প্রস্তুত।

ঊষা লগ্নে আশা

দু’চোখে স্বপ্ন আর নির্ভীকতাকে সম্বল করে যাত্রা শুরু করেছে ‘এই দিনকাল’। এই যাত্রায় পাঠকের ভালবাসাই আমাদের পাথেয়। আপনাদের কাছে বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক, বিশ্লেষণ মূলক সংবাদ তুলে ধরাই স্থির লক্ষ্য আমাদের। কাকদ্বীপ থেকে কাশ্মীর, বাংলাদেশ থেকে প্যালেস্টাইন, নওশাদ সিদ্দিকি থেকে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মহম্মদ সেলিম, সব দিকের খবর আর খবরের সবদিকে নজর থাকবে আমাদের। সাহিত্যপ্রেমী পাঠকদের জন্য এই দিনকালে থাকছে কবিতা, গল্প, প্রবন্ধ সম্বলিত পৃথক বিভাগ। সিনেপ্রেমীদের জন্যও থাকছে বিনোদন বিভাগ।

আপনারা সঙ্গে থাকলে এই চলার পথ মসৃণ হবে, এটুকুই বিশ্বাস।

iranian israeli conflict: তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছে হামলা তেহরানের, ইরান-ইজরায়েল সংঘাতে মৃত্যু বেড়ে ২৪৪

এই দিনকাল: ইরান ও ইজরায়েলের সংঘাত (iranian israeli conflict) ক্রমশ চরম আকার নিচ্ছে। দুই দেশের মধ্যে আঘাত ও পাল্টা প্রত্যাঘাতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৪। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সংঘাতে ইরানের ২২৪ এবং ইজরায়েলের ৮ জন নিহত হয়েছেন।

ইরানের উপর ইজরায়েলি হামলায় মার্কিন মদত রয়েছে বলে আগেই অভিযোগ করেছিল তেহরান। নিজেদের নাগালে থাকা মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানো হবে বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এ বার ইজরায়েলের তেল আবিবে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালাল খানেইনির দেশ। ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে হাকাবি লিখেছেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি।

উল্লেখ্য, ১৩ জুন রাতে ইজরায়েলি বাহিনী বিনা উসকানিতে ইরানের ভিতরে হামলা চালায়। একাধিক পরমাণু ঘাঁটিতে হামলায় ইরানের নয় জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। নিহতরা হলেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ফেরেদুন আব্বাসি, আহমেদ রেজা জোলফাঘরি দোরিয়ানি, পদার্থবিদ্যার বিশেষজ্ঞ মহম্মদ মেহদি তেহরানচি, আমির হাসান ফাখাহি, মনসুর আসগারি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, মেটেরিয়াল্স ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ সইদ বর্জি, রিয়্যাক্টর ফিজিক্সের বিশেষজ্ঞ আব্দুল আলহামিদ মিনৌশেহর এবং মেকানিক্সের বিশেষজ্ঞ বখৌয়েই কাতিরিমি।

অন্য দিকে দেশে ঢুকে নাশকতার ছক কষায় ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেফতার করেছে ইরান পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মনতাজের আল-মাহদি জানান, দুজনের কাছ থেকে ২০০ কেজির বেশি বিস্ফোরক, ড্রোন চালানোর ২৩টি সরঞ্জাম, লঞ্চার এবং আরও অনেক সামরিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। তেহরানের রে কাউন্টির ফাশাফুয়েহ এলাকা থেকে দুই মোসাদ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

Maharashtra Bridge Collapse: মহারাষ্ট্রে সেতু ভেঙে ৪ জনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী

এই দিনকাল: মহারাষ্ট্রের পুনেতে ইন্দ্রায়ণী নদীর উপর থাকা সেতু ভেঙে বিপর্যয় (Maharashtra Bridge Collapse)। রবিবার এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে চার পর্যটকের। বেশ কয়েকজন নদীতে ডুবে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, এদিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই তথ্য জানিয়েছেন। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, এই বিপর্যয়ের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ থেকে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। উদ্ধারকাজ সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পুনের কুন্ডমালা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষাকালে এমনিতেই প্রচুর ভিড় হয়। রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের থেকে জনসমাগম বেশিই হয়েছিল। এদিন আচমকা সেতুটি ভেঙে পড়ায় এটির উপরে থাকা বেশ কয়েকজন পর্যটক নদীতে পড়ে যান। কয়েক জন নদীর স্রোতে ভেসে গিয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। সেতু বিপর্যয়ের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সমাজ মাধ্যমে লিখেছেন, ‘কিছু লোক ভেসে যাওয়ায়, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে গতি আনা হয়েছে।’ পরে তিনি ঘোষণা করেন, দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানান ফড়নবিশ।

সেতুটি যে খারাপ অবস্থায় ছিল তা মেনে নিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং পুনের বিধায়ক অজিত পাওয়ার। তাঁর দাবি, সেতুতে মানুষ এবং কয়েকটি দু-চাকার গাড়ির কারণে সেটি ভেঙে পড়েছে। তিনি বলেন, ‘সেখানে ৮ কোটি টাকার একটি সেতু অনুমোদন করা হয়েছে, আমি জেলাশাসকের কাছে এই বিষয়ে তথ্য চেয়েছি।’

Maharashtra Bridge Collapse