Yuva Sathi: যুবসাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মমতার


এই দিনকাল: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যুবসাথী (Yuva Sathi) প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের আওতায় কর্মহীন যুবক যুবতীদের জন্য মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। মার্চ মাসে অনেকে টাকা পেলেও, বহু আবেদনকারী প্রকল্পের টাকা পাননি। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে, আদৌ তাঁরা এই টাকা পাবেন কিনা। এ বিষয়ে এ বার আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি জানান, যাঁরা যুবসাথী প্রকল্পের ফর্ম ভরেও টাকা পাচ্ছেন না আগামী দিনে তাঁরাও পাবেন।

রবিবার পুরুলিয়া এবং বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্প নিয়ে বলতে গিয়ে মমতা বলেন, ‘যুবসাথী ভিক্ষা বা ভাতা নয়। এটা হাতখরচের মতো। আগামী দিনে জীবিকা হবে। আপাতত হাতখরচ চালাতে দেওয়া হচ্ছে। যাঁরা পাচ্ছেন না তাঁরা ভাববেন না। কিছু ডুপ্লিকেট হয়ে আছে। আপনাদের ডেকে ঠিক করে দেবে। কোনও অসুবিধা হবে না।’ এদিন নির্বাচনী সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় পদ্ম শিবিরকে নিশানা করে বলেন, ‘বিজেপি এলে মাছ, ডিম, মাংস খেতে পারবেন না। বিজেপি আসলে বক ধার্মিক। ওরা দাঙ্গা করে। ওরা মানুষ মেরে ক্ষমতায় এসেছে। সবচেয়ে বেশি আদিবাসীদের ওপর অত্যাচার হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে তাদের মারধর করা হয়। বাংলায় কথা বললে বাংলাদেশী বলা হয়। আমরা কারও ওপর অত্যাচার করি না।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূল নেত্রী। কমিশন কর্তৃক রাজ্যের আধিকারিকদের বদলি প্রসঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা ভাল কাজ করেছেন তাঁরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আইএএস, আইপিএস, ডাব্লুবিসিএস-সহ সকলকে অসম্মান করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমি ধিক্কার জানাই।’

Leave a Comment