এই দিনকাল: আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে জোওড়াফুল শিবিরে মৃদু ধাক্কা। টিকিট না পেয়ে দল ছাড়ার ঘোষণা করলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক (MLA) কাজী আব্দুর রহিম (Qazi Abdur Rahim)। রবিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জোড়াফুল শিবির ছাড়ার কথা ঘোষণা করেছেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বাদুড়িয়ায় শুইরু হয়েছে চর্চা।
সমাজ মাধ্যমে একটি লম্বা পোস্ট করে তিনি তৃণমূল ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন তৃণমূলের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ এক কঠিন কিন্তু নীতিগত সিদ্ধান্তের কথা আপনাদের সামনে তুলে ধরছি। বাদুড়িয়ার জনক, আমার পিতা মরহুম কাজী আব্দুর গফফার সাহেবের আদর্শ ও শিক্ষা নিয়েই আমার রাজনৈতিক পথচলা শুরু। মানুষের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই—এই মূল্যবোধই তিনি আমার মধ্যে গেঁথে দিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের ভালোবাসা, দোয়া,আশীর্বাদ ও সমর্থনই ছিল আমার একমাত্র শক্তি। সেই শক্তিকে সঙ্গী করেই আমি সবসময় সত্য, ন্যায় এবং আদর্শের পথে চলার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, বর্তমান পরিস্থিতিতে সেই আদর্শ ও বাস্তবতার মধ্যে যে গভীর ফারাক তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। বারবার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেও কোনো কার্যকর পদক্ষেপ না হওয়ায় আমি মানসিকভাবে অত্যন্ত ব্যথিত। আমি কখনও আপসের রাজনীতি করিনি, আর ভবিষ্যতেও করব না। আমার পিতার আদর্শ আমাকে শিখিয়েছে—অন্যায়ের সঙ্গে আপস নয়, সত্যের পথেই অটল থাকা। সেই কারণেই আমি তৃণমূল কংগ্রেসের সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলাম। আমি মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব—এটাই আমার অঙ্গীকার। বাদুড়িয়ার মাটি ও মানুষের কাছে আমি চিরঋণী। ইতিহাস সাক্ষী থাকবে, আমি সবসময় সত্য ও ন্যায়ের পথেই চলেছি। আপনাদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা কামনা করি।
তবে তৃণমূল ছাড়লেও অন্য কোনও দলে এখনই তিনি যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে তিনি অন্য দলে যোগ দিতে পারেন বলে। নিজে কিছু স্পষ্ট করে না বললেও, মানুষের সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক।