Vande Mataram: ‘মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করুন’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে খোঁচা কংগ্রেস সভাপতির

এই দিনকাল: স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই বিজেপিকে পাল্টা খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, ‘বন্দে মাতরম’-এর প্রচলিত প্রথম দিকের অংশ গাওয়া যদি অপরাধ হয়, তাহলে মহাত্মা গান্ধী (Mahatma Gandhi), জওহরলাল নেহরু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বিরুদ্ধেও মামলা করা উচিত।

গত শনিবার স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ সংস্করণ গাওয়ার সময় সনিয়া গান্ধী তা থামানোর ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে রাজনৈতিক আকচাআকচি শুরু হয়। বিজেপির পক্ষ থেকে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে আক্রমণও শানানো হয়। অভিযোগ, গায়কেরা বন্দে মাতরম গানটি সম্পূর্ণ গাইতে থাকলে সনিয়া গান্ধী খাড়গের দিকে ইঙ্গিত করেন, পাশাপাশি গায়কদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেন তিনি।

যদিও কংগ্রেস এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দলের নেতা উদিত রাজ দাবি করেন, সোনিয়া গান্ধী গান থামানোর জন্য কোনও ইঙ্গিত দেননি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থ খাড়গের জন্য একটি চেয়ার আনার ব্যবস্থা করতেই তিনি অনুষ্ঠানের পরিচালকদের ইঙ্গিত করেছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিল্লি পুলিশের কাছে সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে ‘বন্দে মাতরম’ গাওয়াতে বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করা হয়। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদনও জানানো হয়। এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, কংগ্রেস যে ‘বন্দে মাতরম’ গেয়েছে, সেটিই মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুও গেয়েছিলেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে কংগ্রেস একই সংস্করণে জাতীয় গানটি গেয়ে আসছে। এমনকি অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও একইভাবে ‘বন্দে মাতরম’ গেয়েছে বলে দাবি করেন তিনি। খাড়গের কথায়, ‘যদি এটি অপরাধ হয়, তাহলে গত ১৮ বছর ধরে তাঁরাও এই অপরাধ করে আসছেন। যদি একই অপরাধ হয়ে থাকে, তাহলে মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করুন। নেহরুর বিরুদ্ধেও মামলা করুন।’

Leave a Comment