Exit Poll: পশ্চিমবঙ্গে বুথ ফেরত সমীক্ষায় জয়ী বিজেপি! দ্বিতীয় স্থানে তৃণমূল, ধারেকাছে নেই বাম ও কংগ্রেস


এই দিনকাল: বিভিন্ন বুথ ফেরত সমীক্ষক সংস্থার রিপোর্টে (Exit Poll) স্বস্তির সংবাদ বিজেপির জন্য। একাধিক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। আর দ্বিতীয় অবস্থানে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জোড়াফুল শিবির ও পদ্ম শিবিরের মধ্যে কঠিন লড়াই দেখানো হলেও বাম ও কংগ্রেসকে ধারেকাছে রাখেনি সংস্থাগুলি।

কী বলছে সংস্থাগুলির বুথ ফেরত সমীক্ষা (Exit Poll)?


চাণক্য স্ট্র্যাটেজিস তাদের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ১৫০ এর বেশি আসন পাবে বলে দাবি করেছে। বলা হয়েছে বঙ্গে ১৫০ থেকে ১৬০টি আসন পাবে বিজেপি। তৃণমূল কংগ্রেস ১৩০ থেকে ১৪০টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্যরা ৬ থেকে ১০টি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এ ছাড়া ম্যাট্রাইজের সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি পাবে ১৪৬ থেকে ১৬১ আসন। তৃণমূল কংগ্রেস ১২৫ থেকে ১৪০ আসনে জয়ী হতে পারে বলে দাবি করেছে সংস্থাটি। ম্যাট্রাইজ ইঙ্গিত দিয়েছে অন্যান্যরা ৬ থেকে ১০টি আসন জিতবে।


পোল ডায়েরিও বাংলায় বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রেখেছে পদ্ম শিবিরকে। রিপোর্টে বলা হয়েছে ২৯৪ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি ১৪২ থেকে ১৭১ আসন পাবে। যেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১২৭ আসন। এই সংস্থাটি দাবি করেছে, কংগ্রেস ৩ থেকে ৫টি, বামফ্রন্ট ২ থেকে ৩টি এবং অন্যান্যরা ০ থেকে ১টি আসন পাবে। প্রজা পোল বুথ ফেরত সমীক্ষায় দাবি করেছে পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭৮ থেকে ২০৮ আসন পেতে পারে।

উল্লেখ্য, ২৯৪ আসনের বিধানসভায় সরকার গড়তে গেলে ১৪৮ জন বিধায়ক দরকার হয়। সে ক্ষেত্রে বিজেপি যদি এই আসন পায় তাহলে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারবে। অন্য দিকে দাবি করা হয়েছে তৃণমূল পেতে চলেছে ৮৫ থেকে ১১০টি আসন। অন্যান্যরা সর্বোচ্চ ৫টি আসন জিততে পারে বলে এই সংস্থা ইঙ্গিত দিয়েছে। তবে এটাও মাথায় রাখা দরকার বেশিরভাগ ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষা মেলে না। আবার মাঝে মাঝে মিলে যাওয়ার নজিরও রয়েছে। তাই এই সমীক্ষা কোনও ভাবেই গোটা রাজ্যের ভোটারদের সমষ্টিগত মতের সুস্পষ্ট প্রতিফলন নয়। প্রকৃত ফল জানতে আগামী ৪ মে ভোট গণনার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল: বঙ্গে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর


প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গত ২৩ এপ্রিল প্রথম দফায় ব্যাপক হারে ভোট পড়েছিল। শতাংশের হিসাবে যা ছিল ৯৩ শতাংশ। দ্বিতীয় দফায়ও বুধবার ভোট পড়েছে প্রায় ৯২ শতাংশ। এবারের নির্বাচন ছিল কার্যত রক্তপাতহীন নির্বাচন। খুনোখুনি ছাড়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আয়োজন করতে পেরে স্বস্তিতে নির্বাচন কমিশনও।

Leave a Comment