Narendra Modi: মহিলা সংরক্ষণ বিল: বঙ্গে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর


এই দিনকাল:
সংবিধান সংশোধন করে মহিলাদের সংরক্ষণের (Women’s Quota Bill) জন্য যে উদ্যোগ নিয়েছিল মোদী সরকার (Narendra Modi) তা ভেস্তে গিয়েছে বিরোধীদের প্রতিরোধে। ১৭ তারিখে লোকসভায় বিলটি ভোটাভুটিতে পরাজিত হওয়ার পর শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও বিরোধীদের একহাত নেন দেশের প্রশাসনিক প্রধান। তার পর দিন বঙ্গে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। রবিবার বাঁকুড়ার সভা থেকে মোদী বলেন, তৃণমূল কংগ্রেস চায় না বাংলার মহিলারা রাজনীতিতে আসুক। তৃণমূলের এই কাজকে ‘বাংলার বোনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ আখ্যা দেন তিনি।

নির্বাচনী জনসভা থেকে জোড়াফুল শিবিরকে আক্রমণ করে মোদী বলেন, ‘বাংলার নারীরা ৩৩ শতাংশ সংরক্ষণ চেয়েছিলেন। মোদী তা নিশ্চিত করেছেন। বাংলার নারীরা চেয়েছিলেন এটি ২০২৯ সাল থেকে কার্যকর হোক। মোদী এর জন্যও চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূল চায়নি বাংলার মেয়েরা বিধায়ক ও সাংসদ হোক, কারণ মেয়েরা তাদের ‘মহা জঙ্গল রাজ’-কে চ্যালেঞ্জ জানাচ্ছিল।’ উল্লেখ্য, শুক্রবার লোকসভায় এনডিএ শিবিরের ২৯৮ জন সাংসদ ১৩১ তম সংবিধান সংশোধনী বিলের পক্ষে ভোট দিলেও ২৩০ জন বিরোধিতা করেছেন। যার ফলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে কী ঘটেছে তা আপনারা দেখেছেন। তৃণমূল আবারও বাংলার বোনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে… মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের আইনটি যাতে পাশ না হয়, সেজন্য তারা কংগ্রেসের সঙ্গে ষড়যন্ত্র করেছে।’

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, বিজেপি নারীদের ক্ষমতায়ন এবং নারী সুরক্ষার স্বার্থে কাজের জন্য পরিচিত। তাঁর সংযোজন, ‘সেই কারণেই প্রতিটি রাজ্যের মহিলারা অন্য যে কোনও দলের চেয়ে বিজেপির ওপর বেশি আস্থা রাখেন। আমরা একটি বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে কন্যাদের ভূমিকা প্রসারিত করতে এবং আরও বেশি কন্যাকে রাজনীতিতে আসতে উৎসাহিত করতে চাই।’ তৃণমূলের সমালোচনা করে তিনি বলেন, বাংলার শাসক দল ‘আদিবাসী বোন ও কন্যাদের ঘৃণা করে।’ এ প্রসঙ্গে মোদী বলেন, বিজেপিই দেশকে প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দিয়েছে।

Leave a Comment